E-Paper

ভিন্ রাজ্যে গিয়ে দুই ফেরিওয়ালা নিখোঁজ

ওই দু’জনের নিখোঁজ থাকার বিষয়টি জানতে পেরে মিজোরামের চম্পাই জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০১:০২
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ফেরি করতে ভিন্ রাজ্যে গিয়েছিলেন। তার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না দুই ফেরিওয়ালার। নিখোঁজ দু’জনেরই বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের চড়কায়। উদ্বিগ্ন তাঁদের পরিবার। বিষয়টি পুলিশকেও জানিয়েছে তারা।

সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, ‘‘ওই বিষয়টি আমরা দেখছি। খোঁজখবর করা হচ্ছে।’’ পরিবার সূত্রে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, শুরুতে ওই দু’জন গিয়েছিলেন অসমে। সেখান থেকে মিজোরামে। মিজোরাম থেকে আর কোনও দিকে গিয়েছিলেন কি না, বিশেষ করে মায়ানমারের দিকে গিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়। সূত্রের খবর, ওই দু’জনের নিখোঁজ থাকার বিষয়টি জানতে পেরে মিজোরামের চম্পাই জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। অবশ্য সোমবার পর্যন্ত চম্পাই জেলা পুলিশ ওই বিষয়ে সুস্পষ্ট ভাবে কিছু জানাতে পারেনি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশকে। শুধু জানিয়েছে, তারাও খোঁজখবর চালাচ্ছে।

স্থানীয় সূত্রের খবর, নিখোঁজ দুই ফেরিওয়ালার নাম আরফিক খান এবং জাহাঙ্গীর মির্জা। দু’জনেই কেশপুরের চড়কার বাসিন্দা। আরফিকের বয়স বছর চব্বিশ। জাহাঙ্গীরের বয়স বছর ছাব্বিশ। স্থানীয় সূত্রের খবর, মাস তিনেক আগে বাড়ি ছেড়েছিলেন দু’জনে। কর্মসূত্রে গিয়েছিলেন ভিন্ রাজ্যে। দু’জনেই মূলত তোষক ফেরি করতেন। একই সঙ্গে তাঁরা তোষক তৈরির কারিগরও। শুরুতে গিয়েছিলেন অসমে। সেখান থেকে মিজোরামে। সপ্তাহ দুয়েক হল তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিজনেরা।

জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘চড়কার দু’জন নিখোঁজ রয়েছেন। ওঁদের বিষয়ে খোঁজখবর পাওয়ার সব রকম চেষ্টা চালানো হচ্ছে। যেখানে যেখানে কথা বলার, পুলিশের তরফে বলা হচ্ছে। ওঁদের অবস্থানের বিষয়ে নিশ্চিত ভাবে বলা যেতে পারে, এ রকম কোনও তথ্য এখনও পর্যন্ত মেলেনি। নানা ভাবেই খোঁজখবর করা হচ্ছে।’’ যে সব সূত্রের ভিত্তিতে খোঁজখবর করা হচ্ছে, তার মধ্যে একটি ইউটিউব ভিডিয়োও রয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Keshpur

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy