এক বিজেপি সমর্থকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দাসপুরের দানিকোলা গ্রামে। শনিবার ভোরে বংশী হাজরা (৪৪) নামে ওই ব্যক্তির মৃত্যুর খবর ছড়াতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা। এমনকী পুলিশ দেহ উদ্ধার করতে গেলেও মৃতদেহ তুলতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মৃতের পরিবারের তরফে পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বংশীবাবু এলাকায় বিজেপি সমর্থত হিসেবে পরিচিত ছিলেন। শুক্রবার জেলা জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল জেলা বিজেপি। সেইমতো দাসনগর থানা ঘেরাও করা হলে তিনিও তাতে যোগ দেন। অভিযোগ, কর্মূচিতে যোগ দেওয়ায় বংশীবাবুুকে বেধড়ক মারধর করে শাসকদলের সমর্থকরা। শনিবার সকালে নিজের বাড়ি থেকে মেলে বংশীবাবুর নিথর দেহ। দলের কর্মী-সমর্থক-সহ স্থানীয় বাসিন্দাদের দাবি, বংশীবাবুকে খুন করা হয়েছে।
বিজেপির দাসপুর-১ ব্লকের সভাপতি সমর পাইন বলেন, “দলের কর্মসূচিতে যাওয়ায় তৃণমূলের লোকজন শুক্রবার রাতেই বংশীবাবুকে মারধর করে। পরে মুখে বিষ ঢেলে দেয়। দলের তরফে দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনকে জানিয়েছি।” অন্য দিকে, অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতি সুকুমার পাত্র বলেন, “এই ঘটনায় দলের কেউই জড়িত নন। ওরা চক্রান্ত করে তৃণমূলের নামে কুৎসা রটাচ্ছে।”