Advertisement
E-Paper

বেহাল নিকাশি চিত্র বদলাতে ঘাটালে নালা সংস্কারের উদ্যোগ

ঘাটাল শহরের বেহাল নিকাশি চিত্র বদলে আশার আলো।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৪ ০০:১৫
ঘাটাল শহরের নিকাশির কাজের জন্য পরিষ্কার করা হচ্ছে মহানালা। —নিজস্ব চিত্র।

ঘাটাল শহরের নিকাশির কাজের জন্য পরিষ্কার করা হচ্ছে মহানালা। —নিজস্ব চিত্র।

ঘাটাল শহরের বেহাল নিকাশি চিত্র বদলে আশার আলো।

জলমগ্ন ঘাটাল শহরের চিরায়ত ছবি বদলে দিতে পুরসভার উদ্যোগে ১০ লক্ষ টাকা ব্যয়ে শহরের নিকাশি নালা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নালা সংস্কারের পাশাপাশি নালার জল পাম্প চালিয়ে শিলাবতী নদীতে ফেলা হচ্ছে। এ জন্য পুরসভার পক্ষ থেকে ৪০ লক্ষ টাকা দিয়ে দু’টি বিদ্যুৎচালিত পাম্পও কেনা হয়েছে। তৃণমূল পরিচালিত ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাস ঘোষ বলেন, “চলতি বর্ষায় শহরের নিকাশি সমস্যা সমাধানে ১০ লক্ষ টাকা ব্যয়ে নিকাশি নালা সংস্কার করার কাজ চলছে। এজন্য ৪০ লক্ষ টাকা দিয়ে দু’টি পাম্পও কেনা হয়েছে। নালা সংস্কারের জন্য রাস্তার দু’পাশে সমস্ত দোকানও সরিয়ে দেওয়া হয়েছে।”

নাগাড়ে বৃষ্টি হলেই ঘাটাল ব্লক জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল ব্লকের অন্তর্গত ১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টি ও ঘাটাল পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডই। ঘাটাল শহরের বাকি পাঁচটি ওয়ার্ড (১৩, ১৪, ১৫, ১৬, ১৭)-এ পরিস্থিতি তুলনামূলক ভাবে ভাল। এই পাঁচটি ওয়ার্ডের মধ্যেই রয়েছে ঘাটাল আদালত, মহকুমা শাসকের কার্যালয়, মহকুমা হাসপাতাল, প্রায় ৩০টি বেসরকারি নার্সিংহোম, একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, সরকারি মহকুমা স্তরের সমস্ত বিভাগের অফিস। ফলে ঘাটালের বাইরে থেকেও অনেক লোক প্রতিদিনই ওই এলাকায় যাতায়াত করেন। বর্ষায় জমা জলে সমস্যায় পড়েন শহরের বাইরে থেকে আসা লোকেরাও।

শহরবাসীদের অভিযোগ, প্রতিবার নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের ইস্যু হয়ে উঠে আসে ঘাটাল শহরের নিকাশি সমসা। তবে দীর্ঘদিনের পুরনো ঘাটাল শহরে নিকাশি ব্যবস্থা সংস্কারে এতদিন কোনও উদ্যোগই নেওয়া হয়নি। সেদিক দিয়ে ১৩৫ বছরের পুরনো ঘাটাল পুরসভা অবশেষে শহরের নিকাশি ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেওয়ায় আশান্বিত শহরবাসীরা। নিয়মিত সংস্কারের অভাবে ঘাটাল শহরের মহানালা ও ছোট নিকাশি নালাগুলি আবর্জনা জমে নালাগুলি মজে গিয়েছে। ফলে নালাগুলির গভীরতা ক্রমশ কমে যাওয়ায় জলধারন ক্ষমতাও কমেছে। ফলে এক নাগাড়ে বৃষ্টি হলেই নালা উপচে নোংরা জল রাস্তায় উঠে আসে। প্রতি বছরই বর্ষায় রাস্তার জমা জল বাড়িতে ঢুকে যাওয়াও শহরবাসীর গা সওয়া। তবে ঘাটাল শহরের নিকাশি সমস্যার শিকড়টা আরও গভীরে। ঘাটাল শহরের মধ্যভাগ দিয়ে গিয়েছে ঘাটাল-পাঁশকুড়া সড়ক। ঘাটাল শহরের প্রবেশদ্বার নিমতলার পর থেকে শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় ওই রাস্তার দু’ধারে শতাধিক অস্থায়ী স্থায়ী কাঠামো নির্মাণ করা রয়েছে। অনেকক্ষেত্রে দোকানের ব্যবসায়ীরা রাস্তার ধারের নালা নিজেদের মতোই বাঁধিয়ে নিয়েছেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই রাস্তার ধারের নালা মাটি দিয়ে বুঝিয়ে তার উপর কাঠামো নির্মাণ করা হয়েছে। ফলে নালাগুলি বুজে গিয়ে নিকাশি ব্যবস্থা আরও বেহাল হয়ে পড়ে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগেই শহরের রাস্তার দু’পাশে নালা দখল করে গড়ে ওঠা অস্থায়ী কাঠামোগুলি সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপর জেসিপি মেশিন দিয়ে নালাগুলি থেকে মাটি কাটা হচ্ছে। ট্রাক্টরে করে সেই মাটি ফেলা হচ্ছে ঘাটালের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে। নালার জল শিলাবতী নদীতে ফেলার জন্য ঘাটাল শহরের কুশপাতায় ও কোন্নগরে দু’টি বড় পাম্পও বসানো হয়েছে। পুরসভার আশা, নালাগুলি সংস্কার হলে জল জমার সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবেন শহরবাসীরা।

ভবিষ্যতে জলমগ্ন ঘাটালের ছবিটা কতটা বদলায়, সেটাই দেখার।

bad sanitation ghatal step to clean up
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy