E-Paper

মধ্যপ্রদেশে মালদহের পরিযায়ী শ্রমিক আক্রান্ত

সায়েদের বাড়ি মালদহের কালিয়াচক ১ ব্লকের বামনগ্রাম-মসিমপুর পঞ্চায়েতের পাহাড়পুর গ্রামে। কয়েক বছর ধরে মধ্যপ্রদেশের সাগর জেলায় জামাকাপড় ফেরি করেন তিনি ও তাঁর ভাই ইয়াদুর শেখ-সহ মালদহের ওই এলাকার অন্তত ১০-১২ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩০

—প্রতীকী চিত্র।

বাঙালি পরিযায়ী শ্রমিকের উপরে ফের হামলার অভিযোগ উঠল ভিন্‌ রাজ্যে। জামাকাপড় ফেরি করতে গিয়ে মালদহের পরিযায়ী শ্রমিক সায়েদ শেখ আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশে। অভিযোগ, সেখানকার সাগর জেলার সুরখি এলাকায় শনিবার বিকেলে ওই শ্রমিক কাজ শেষে মোটরবাইকে ফেরার সময়ে, স্থানীয় চার-পাঁচ জন তাঁর উপরে হামলা চালায়। শরীরের নানা জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ছিনিয়ে নেওয়া হয় টাকাও। স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই ভর্তি রয়েছেন সায়েদ। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের আক্রান্ত হওয়ার ঘটনায় সরব হয়েছে তৃণমূল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সায়েদের বাড়ি মালদহের কালিয়াচক ১ ব্লকের বামনগ্রাম-মসিমপুর পঞ্চায়েতের পাহাড়পুর গ্রামে। কয়েক বছর ধরে মধ্যপ্রদেশের সাগর জেলায় জামাকাপড় ফেরি করেন তিনি ও তাঁর ভাই ইয়াদুর শেখ-সহ মালদহের ওই এলাকার অন্তত ১০-১২ জন। রবিবার মধ্যপ্রদেশ থেকে ফোনে ইয়াদুর বলেন, ‘‘এসআইআরের শুনানি শেষে, দিন পাঁচেক আগে দাদা ও আমি এখানে ফিরেছি। শনিবার বিকেলে দাদা কাজ সেরে ফেরার সময়ে তার উপরে হামলা হয়।’’ তাঁর অভিযোগ, কাপড় কেনার নাম করে স্থানীয় চার-পাঁচ জন সায়েদের মোটরবাইক থামায়। মারধর করে। ছিনিয়ে নেওয়া হয় টাকাপয়সা। বাধা দিলে সায়েদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অভিযুক্তেরা পালিয়ে যায়। ইয়াদুর বলেন, ‘‘আমরা এখানে খুব আতঙ্কে রয়েছি।’’

তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা পশ্চিমবঙ্গ পরিযায়ী কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলামের অভিযোগ, ‘‘বিজেপি শাসিত রাজ্যে পরিকল্পিত ভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা হচ্ছে। শনিবার বিকেলে তার পুনরাবৃত্তি ঘটেছে মধ্যপ্রদেশে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও, কাউকে গ্রেফতার করেনি সেখানকার পুলিশ। আমরা ওই পরিযায়ী শ্রমিক ও তাঁর পরিবারের পাশে আছি।’’ বিজেপির মালদহ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ‘‘ওখানে আদতে কী ঘটনা ঘটেছে, তা না জেনে কোনও মন্তব্য করব না। তবে ভিন্ রাজ্যে কিছু ঘটলেই তৃণমূল এখন তা নিয়ে রাজনীতি করছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Madhyapradesh Bengali

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy