E-Paper

মোদী-মমতা ভাই আর বোন, কটাক্ষ ওয়েইসির

সভায় রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী সিপিএমের জ্যোতি বসুর প্রশংসার পাশাপাশি, মমতার কড়া সমালোচনা করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০৯:৪৮
হুমায়ুন কবীরের সমর্থনে নির্বাচনী প্রচারে আসাদউদ্দিন ওয়েইসি। বুধবার দুপুরে নওদার ডুবতলায়।

হুমায়ুন কবীরের সমর্থনে নির্বাচনী প্রচারে আসাদউদ্দিন ওয়েইসি। বুধবার দুপুরে নওদার ডুবতলায়। ছবি: মফিদুল ইসলাম।

নওদা: মুর্শিদাবাদের নওদায় নিজের গড়া আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হয়েছেন হুমায়ুন কবীর। বুধবার দুপুরে নওদার ডুবতলায় তাঁর হয়ে ভোট-প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক আক্রমণ করলেন এমআইএম পার্টির চেয়ারম্যান আসাদউদ্দিন ওয়েইসি। বললেন, “মোদী আমাদের বলেন অনুপ্রবেশকারী (ঘুসপেটিয়া) আর মমতা বলেন ভোট-কাটুয়া। আসলে তাঁরা নিজেরাই ভাই-বোন। বাংলায় বিজেপির আসন চার থেকে ৭৭ কী করে হল তাঁর উত্তর দিন মমতা।”

এ দিন ওয়েইসির হাত দিয়ে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন হুমায়ুন। সভায় রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী সিপিএমের জ্যোতি বসুর প্রশংসার পাশাপাশি, মমতার কড়া সমালোচনা করেন তিনি। সম্প্রতি তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খানের সমর্থনে নির্বাচনী প্রচারে নওদায় এসেছিলেন সে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হুমায়ুন বলেন, “তৃণমূলের ভিতরে দ্বন্দ্ব থামাতে অভিষেক বলেছেন নওদায় তাঁকেই প্রার্থী হিসেবে ধরে নিতে। ভেবে ভাল লাগছে, সে নিরিখে আমি নওদায় অভিষককে হারাব।” নওদার তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান বলেন, “ভোট কাটতে মিমের সঙ্গে হাত মিলিয়েছেন হুমায়ুন।” তৃণমূল নেতা নিয়ামত শেখ বলেন, “যারা ধর্মের বিভাজন করে ভোটে নেমেছে, মানুষ তাদেরপ্রত্যাখ্যান করবেন।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

TMC BJP Mamata Banerjee Narendra Modi

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy