অনুমতি না নিয়ে ক্লাবের দেওয়াল লেখার অভিযোগ উঠেছে চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাকদহ শহরে। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বুধবার তিনি চাকদহ শহরের ২ নম্বর ওয়ার্ডের পালপাড়া রেল স্টেশনের পশ্চিম পারে একটি ক্লাবের দেওয়াল লিখছিলেন। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ‘বাঁচতে চাই, বিজেপি তাই’ এই কথা এবং পদ্মফুলের ছবি আঁকেন। ওই ক্লাবের সম্পাদক বুদ্ধদেব পাল বলেন, ‘‘আমাদের কোনও অনুমতি না নিয়ে দেওয়াল লিখেছেন। এক জন বিধারকের জানা উচিত ছিল, অনুমতি নিয়ে দেওয়াল লেখা উচিত।’’
বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, ‘‘আমরা নির্বাচনের কিছু লিখিনি। দলের একটা কথা লিখেছি। এর আগেও অনুমতি না নিয়ে দেওয়ালটা লেখা হয়েছিল। কেউ কিছু বলেনি।’’ তিনি বলেন, ‘‘দেওয়াল লেখার সময় সেখান দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা সাধন বিশ্বাস যাচ্ছিলেন। তিনিই জোর করে ক্লাবের সদস্যদের দিয়ে এই অভিযোগ করিয়েছেন।’’
অভিযোগ অস্বীকার করে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা চাকদহ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরসদস্য সাধন বিশ্বাস বলেন, ‘‘এ ব্যাপারে আমি ক্লাবের কাউকে কিছু বলিনি। বিধায়কের উচিত ছিল অনুমতি নিয়ে দেওয়াল লেখা। বিজেপি গায়ের জোরে সব কিছু করতে চাইছে।’’ চাকদহ থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় বলেন, ‘‘এখনও নির্বাচন বিধি লাগু হয়নি। বিষয়টি তদন্ত করার জন্য বিডিও-র কাছে পাঠানো হয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)