Advertisement
E-Paper

মিড-ডে মিলে একমুঠো ভাত বেশি চেয়েছিল! শিক্ষাকর্মীর মারে কপাল কাটল পঞ্চম শ্রেণির ছাত্রের

পঞ্চম শ্রেণির এক ছাত্র খাবার নেওয়ার সময় কর্তব্যরত গেটম্যানের কাছে একটু বেশি ভাত চায়। অভিযোগ, শিশুর অনুরোধে কার্যত মেজাজ হারান ওই গেটম্যান।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২০:১৬
কপাল কেটেছে শিশুটির।

কপাল কেটেছে শিশুটির। — নিজস্ব চিত্র।

মিড-ডে মিলের লাইনে দাঁড়িয়ে একমুঠো ভাত বেশি চেয়েছিল পঞ্চম শ্রেণির এক ছাত্র। অভিযোগ, সে জন্য তাকে চড় মারেন এক শিক্ষাকর্মী। তাঁর সেই মারের চোটে মাটিতে মুখ থুবড়ে পড়ে ছাত্রটি। খাবারের থালায় লেগে কেটে যায় কপাল। নদিয়ার শান্তিপুর থানার কুতুবপুর জুনিয়র হাই স্কুলের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ ঘটনাস্থলে মোতায়েন করতে হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।

স্কুল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পড়ুয়াদের মিড-ডে মিলের খাবার দেওয়া হচ্ছিল। পঞ্চম শ্রেণির এক ছাত্র খাবার নেওয়ার সময় কর্তব্যরত গেটম্যানের কাছে একটু বেশি ভাত চায়। অভিযোগ, শিশুর এই সামান্য অনুরোধেই কার্যত মেজাজ হারান ওই গেটম্যান। কিছু বুঝে ওঠার আগেই তিনি ওই খুদেকে লক্ষ্য করে সজোরে চড় কষান বলে অভিযোগ। টাল সামলাতে না-পেরে খাবারের থালার উপর আছড়ে পড়ে সে। থালার কোণে আঘাত লাগে কপালে। যন্ত্রণায় ও ভয়ে সে কান্নাকাটি করলে স্কুলের অন্যান্য কর্মী তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।


এই ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা স্কুলে চড়াও হয়ে অভিযুক্ত গেটম্যানের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে যৌথ ভাবে নামানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত গেটম্যানের বিরুদ্ধে আইনানুগ কড়া পদক্ষেপ করা হচ্ছে।

Mid Day Meal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy