বকেয়া টাকার দাবিতে ডিসিআরসি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটে তেহট্ট থানার বেতাই ডঃ বি আর আম্বেডকর কলেজে। পরে অবশ্য মহকুমাশাসকের প্রতিশ্রুতিতে বিক্ষোভ ওঠে। বিক্ষোভের জেরে অবশ্য বুথে যেতে বেশ কিছুটা দেরি হয় ভোটকর্মীদের।
জানা গিয়েছে, তেহট্ট মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের জন্য বেতাই ডঃ বি আর আম্বেদকর কলেজ ও বেতাই পলিটেকনিক কলেজে ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে। এ দিন বুথে বুথে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ভোটকর্মীরা সেখানে জড়ো হয়। ভোটকর্মীদের অভিযোগ, ভোটের জন্য ট্রেনিং নেওয়া হয়েছে। সে দিন যে টাকা দেওয়ার কথা ছিল তার থেকে কম টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। তৃতীয় পোলিং অফিসারের পাওয়ার কথা ২১১০ টাকা। সেখানে তাঁরা পেয়েছেন ১৯৪০ টাকা। এই ভাবে প্রথম, দ্বিতীয় পোলিং অফিসারদের টাকাও কম দিয়েছে বলে অভিযোগ। এ দিন ডিসিআরসি কেন্দ্রে সেই বকেয়া টাকা দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।
বিক্ষোভের জন্য উত্তেজনা তৈরি হয় সংশ্লিষ্ট কেন্দ্রে। তেহট্টের মহকুমাশাসক অভিজিৎ রায় ভোটকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। কিছুক্ষণের মধ্যে প্রতিশ্রুতি মতো তাঁদের টাকা দেওয়া শুরু হয়। এর পরে তাঁরা বুথে যাওয়ার জন্য প্রস্তুতি নেন।
মহকুমাশাসক বলেন, “একটা সমস্যা হয়ে ছিল। সমাধান হয়ে গিয়েছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)