বাড়ির সিঁড়িঘরের সিলিং থেকে ঝুলছে নাবালিকার দেহ। নীচে পড়ে মোবাইল ফোন। তাতে ভিডিয়ো কল চলছে। ফোনের ওপারে এক যুবক। পরিবারের দাবি, সম্পর্কের টানাপড়েনের কারণে আত্মঘাতী হয়েছে ওই নাবালিকা। ঘটনাটি ঘটেছে কল্যাণী পুরসভা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত নাবালিকা কল্যাণী পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকার বাসিন্দা। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ পরিবারের সদস্যেরা দেখেন সিঁড়িরঘর থেকে ঝুলছে ওই নাবালিকার দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কল্যাণী থানায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃতার পরিবারের দাবি, কল্যাণীর কাঁঠালতলা এলাকার এক যুবকের সঙ্গে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। তবে গত কয়েক দিন ধরে দু’জনের মধ্যে অশান্তি চলছিল। শুক্রবারও ওই যুবকের সঙ্গে ঝগড়া হয়। পরিবারের অভিযোগ, বিকেলে ওই নাবালিকাকে গালিগালাজ করেন তার প্রেমিক। তার পর থেকেই মনমরা ছিল সে। পরিবারের দাবি, অপমান সহ্য করতে না-পেরে আত্মঘাতী হয়েছে ওই নাবালিকা।
পরিবার সূত্রে খবর, নাবালিকার দেহের কাছ থেকে তার মোবাইল ফোন উদ্ধার হয়। তাতে ভিডিয়ো কল চালু ছিল। সদস্যদের দাবি, ভিডিয়ো কলের অপরপ্রান্তে ছিলেন অভিযুক্ত যুবক। ওই ভিডিয়ো কলের সূত্র ধরে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার সময় নাবালিকার সঙ্গে ভিডিয়ো কলে কে ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
আরও পড়ুন:
রানাঘাট পুলিশ জেলার সুপার আশীষ মৌর্য এ প্রসঙ্গে জানান, প্রাথমিক ভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু হয়েছে। নির্দিষ্ট কোনও অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।