অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছোলা চুরি হাতেনাতে ধরলেন গ্ৰামবাসীরা। মুর্শিদাবাদ জেলার রেজিনগরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে অন্যত্র ছোলা পাচারের সময় গ্রামবাসীরা পাকড়াও করেন একটি টোটো। রবিবার সন্ধ্যার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রেজিনগর থানার মাঠপাড়া এলাকায়।
গ্রামবাসীদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মী প্রভাতী ঘোষ দিন কয়েক ধরেই নির্ধারিত সরকারি দ্রব্য থেকে বঞ্চিত করছিলেন এলাকার পড়ুয়া এবং গর্ভবতীদের। ঘটনার জেরে সন্দেহ তৈরি হয় এলাকার বাসিন্দাদের মনে। রবিবার সন্ধ্যায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ৫ বস্তা ছোলা-সহ একটি টোটো বেরতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। তার পরই জড়ো হয়ে তা হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ। ছোলার বস্তাগুলিকেও বাজেয়াপ্ত করা হয়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই অঙ্গনওয়াড়ি কর্মীর খোঁজ মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানা ও ব্লক প্রশাসন।
মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। সরকারি জিনিস চুরির প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে