Advertisement
E-Paper

গরু অসুস্থ হয়ে পড়ায় স্ত্রীকে বেধড়ক মার স্বামীর, অপমানে বিষপান বধূর! মুর্শিদাবাদে মহিলার মৃত্যুতে শোরগোল

তার নাম রঙ্গিলা বিবি। বয়স মাত্র ৩৬ বছর। পরিবার সূত্রে খবর, রঙ্গিলা দীর্ঘ দিন ধরে গবাদি পশু লালন-পালন করতেন। সোমবার তাঁর একটি গরু অসুস্থ হয়ে পড়ে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৮:৩১
Poisoned Death

—প্রতিনিধিত্বমূলক ছবি।

গৃহপালিত পশুর অসুস্থতাকে কেন্দ্র করে চরম পারিবারিক বিবাদ। স্বামীর মারধর, অপমানে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বধূ। এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রতাপপুর এলাকায়।

মৃতার নাম রঙ্গিলা বিবি। বয়স মাত্র ৩৬ বছর। পরিবার সূত্রে খবর, রঙ্গিলা দীর্ঘ দিন ধরে গবাদি পশু লালন-পালন করতেন। সোমবার তাঁর একটি গরু অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ, তাতেই স্ত্রীর উপর চটে যান ফজর আলি শেখ। গরুর দেখভাল ঠিক করে হয়নি, এই বলে স্ত্রীকে গালমন্দ এবং মারধর করেন তিনি। কয়েক জন প্রতিবেশীর দাবি, স্ত্রীকে বেধড়ক পিটিয়েছিলেন স্বামী। তার পরেই ঘরে থাকা কীটনাশক পান করেন রঙ্গিলা।

গুরুতর অবস্থায় রঙ্গিলাকে উদ্ধার করা হয়েছিল। খবর যায় হরিহরপাড়া থানায়। পুলিশ গিয়ে ওই বধূকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয় তাঁর। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আগেই মারা গিয়েছেন রোগিণী।

স্বাভাবিক ভাবে এই ঘটনায় শোরগোল প্রতাপপুর এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বধূর বিষপানের নেপথ্যে স্বামীর মারধর, অপমান না কি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অন্য দিকে, স্ত্রীর মৃত্যুর পর স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ মনে করছে গা-ঢাকা দিয়েছেন তিনি। ফজরের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে খবর।

Murshidabad Crime Suicide
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy