E-Paper

রাতভর বৃষ্টিতে বিপদ উত্তরে, শিশু-সহ মৃত ২

শুভেন্দু অধিকারী নবান্নে বলেন, ‘‘কার্শিয়াং এবং পাহাড়ের একাংশে গত কাল রাত থেকে ভারী বৃষ্টি হয়েছে। রংলি-রংলিয়ট, হরিবাড়ি এবং মিরিক ব্লকের বিভিন্ন জায়গায় ধস নেমেছিল। সেগুলো পরিষ্কার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ০৬:২৬
পাহাড়ে ভারী বৃষ্টির জেরে জল বেড়েছে বালাসন নদীতে। স্রোতে ফের ভেঙেছে হিউম পাইপের অস্থায়ী সেতু। শুক্রবার কার্শিয়াংয়ের দুধিয়ায়।

পাহাড়ে ভারী বৃষ্টির জেরে জল বেড়েছে বালাসন নদীতে। স্রোতে ফের ভেঙেছে হিউম পাইপের অস্থায়ী সেতু। শুক্রবার কার্শিয়াংয়ের দুধিয়ায়। — নিজস্ব চিত্র।

এক রাতের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়, তরাই, ডুয়ার্স। মৃত্যু হয়েছে এক শিশু-সহ দুজনের। সেতু ভেঙে, জাতীয় সড়ক ধসে পাহাড়-সমতলে যোগাযোগ কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। দুধিয়ায় বালাসন নদীর উপরে তৈরি হিউম পাইপের অস্থায়ী সেতুটি ভেঙে যায় শুক্রবার ভোরে। যার জেরে, শিলিগুড়ি-মিরিক যোগাযোগ সকালের পরে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি বুঝে দার্জিলিং জেলা প্রশাসন ঘুরপথে যানবাহন চালাতে শুরু করে। মহানদী এলাকার কাছে ধস নামে শিলিগুড়ি-দার্জিলিং জাতীয় সড়কে (১১০ নম্বর)। ক্ষতি হয় টয়ট্রেনের লাইনেও।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ দিন নবান্নে বলেন, ‘‘কার্শিয়াং এবং পাহাড়ের একাংশে গত কাল রাত থেকে ভারী বৃষ্টি হয়েছে। রংলি-রংলিয়ট, হরিবাড়ি এবং মিরিক ব্লকের বিভিন্ন জায়গায় ধস নেমেছিল। সেগুলো পরিষ্কার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’’

বৃহস্পতিবার রাত থেকে শিলিগুড়ির চম্পাসারি এলাকায় বৃষ্টি হয়েছে ২০৭ মিলিমিটার, সেবকে বৃষ্টি হয়েছে ১৩৫ মিলিমিটার, শিলিগুড়িতে ১০০ মিলিমিটার। অন্য দিকে ডুয়ার্সের চেলে ১৯৭ এবং ওয়াশাবাড়িতে ১৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ, শনি এবং কাল, রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ডুয়ার্সের জেলাগুলিতে বিশেষ করে সতর্কতা জারি হয়েছে। বাড়তে পারে নদীর জলস্তর। দোমোহানি থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় ‘ইয়েলো অ্যালার্ট’ রয়েছে। তিস্তার জল ঢুকেছে জলপাইগুড়ির মাল এবং ক্রান্তিতে।

বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টিতে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের ভার্নাবাড়ি চা বাগানের পাশের নর্দমা উপচে জল ঢুকে যায়। এ দিন ভোরে পা পিছলে প্রায় ফুট ছয়েক গভীর সেই নর্দমার জলে পড়ে ভেসে যায় জয়া ওরাওঁ (৪)। ঘণ্টা তিনেক পরে প্রায় তিন কিলোমিটার দূরে শিশুটির দেহ মেলে। নর্দমা দখল করে অবৈধ নির্মাণের জেরে এই পরিস্থিতি, এমনই অভিযোগে একাধিক রাস্তায় দীর্ঘক্ষণ অবরোধ করেন বাসিন্দারা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘‌শিশুটির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না। তবু সরকারের পক্ষ থেকে পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হয়েছে।’’ শিলিগুড়ির দার্জিলিং মোড় লাগোয়া এলাকায় ঘুমন্ত অবস্থাতেই জলে ডুবে রাকেশকুমার শাহের (৪২) মৃত্যু হয়েছে বলে দাবি। টানা বৃষ্টিতে ওই এলাকা, চম্পাসারি, মাটিগাড়ায় শতাধিক বাড়িতে জল ঢোকে। আত্মীয় সঞ্জীব গুপ্ত বলেন, “বাড়িতে একাই ছিলেন রাকেশ। মাঝেমধ্যে মদ্যপানের অভ্যাস ছিল। এ দিন ঘরের ভিতরে জলে ডোবা দেহ পাওয়া যায়।’’

দুধিয়া সেতুতে সমস্যা হওয়ায় মিরিক থেকে শিলিগুড়ি যাওয়ার গাড়িগুলিকে সুখিয়াপোখরি, ঘুম, কার্শিয়াঙের পথে এবং শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার গাড়িগুলিকেও রোহিনী-কার্শিয়াং-ঘুম দিয়েচালানো হচ্ছে। কার্শিয়াং থেকে শিলিগুড়ি যাতায়াত হচ্ছে পাঙ্খাবাড়ির রাস্তা দিয়ে।

দার্জিলিং জেলা প্রশাসনের নির্দেশে পণ্যবাহী গাড়িগুলিকেও ঘুরপথে চলাচল করানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দুধিয়া সেতু নতুন করে তৈরি হচ্ছে। অস্থায়ী সেতু ভেসে গিয়েছে জলের তোড়ে। তা ঠিক করতে চার-পাঁচ দিন সময় লাগবে। পূর্ত দফতর কাজ শুরু করেছে এবং অর্থ বরাদ্দ করেছে অর্থ দফতর। আগে ওই সেতুর নির্মাণে কাটমানির যোগ ছিল কি না, দেখা হবে।’’

রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার জানিয়েছেন, ৫২ কোটি টাকা খরচে নতুন স্থায়ী দুধিয়া সেতুর নির্মাণকাজ আগামী ফেব্রুয়ারির মধ্যে শেষ করার চেষ্টা হবে। এ দিন সকালেই দুধিয়ায় যান দার্জিলিঙের বিজেপি সাংসদরাজু বিস্তা।

উত্তরবঙ্গের দুর্যোগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি বলেন, “পাহাড়ে পর্যটকদের জন্য হেল্প-লাইন খুলেছি। পর্যটকদের সমস্যায় পড়ার খবর নেই।” শুভেন্দুর আশ্বাস, ‘‘যদি পর্যটকদের আটকে থাকা বা অসুবিধার কথা জানা যায়, তাঁদের ফেরানোর ব্যবস্থা হবে। আগামী কয়েকদিনে আগের বছরের মতো প্রাকৃতিক বিপর্যয় না হলে, মোকাবিলার জন্য প্রস্তুত আমরা।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Disaster

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy