Advertisement
E-Paper

জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, ৪০ দিনের মাথায় নির্দে‌শ কলকাতা হাই কোর্টের

গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মীদের। পুলিশের হাতে গ্রেফতার হন নওশাদ-সহ আইএসএফের বহু কর্মী-সমর্থক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ১২:৪৫
Nawsad Siddique got bail.

৪০ দিনের মাথায় জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ৬৪ জন। ফাইল চিত্র ।

ধর্মতলা চত্বরে রাস্তা বন্ধ করে তাণ্ডব চালানোর ঘটনায় বৃহস্পতিবার জামিন পেলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি। কলকাতা হাই কোর্টের নির্দেশে জামিন পেলেন নওশাদের সঙ্গে গ্রেফতার হওয়া আরও ৬৩ জন। গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মীদের। পুলিশের হাতে গ্রেফতার হন নওশাদ-সহ আইএসএফের বহু কর্মী-সমর্থক। তার পর থেকে তাঁরা জেলেই ছিলেন। গ্রেফতারির ৪০ দিনের মাথায় তাঁরা জামিন পেলেন।

গ্রেফতারির পর ধৃতদের মধ্যে নওশাদ-সহ ৬৫ জন আদালতে মামলা করে দাবি করেন যে, তাঁদের জোর করে গ্রেফতার করা হয়েছে। রাস্তা বন্ধ করার অপরাধে ভাঙড়ের বিধায়ক-সহ ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন জেনে বিস্ময় প্রকাশ করেছিল কলকাতা হাই কোর্টও। গত বুধবার নওশাদদের গ্রেফতারি সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট বলে, ‘‘একটি কর্মসূচিকে কেন্দ্র করে এত জনকে গ্রেফতার করা হয়েছে?’’ এর পর বুধবারও এই মামলা উচ্চ আদালতে উঠলে ধর্মতলার ঘটনায় নওশাদদের ভূমিকা প্রমাণ করা যাবে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি।

নওশাদদের গ্রেফতারি নিয়ে প্রথম থেকেই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছেন আইএসএফ সমর্থকেরা। এই গ্রেফতারি নিয়ে সরব হয়েছিল বামেরাও। গ্রেফতারি প্রসঙ্গে নওশাদও বলেছিলেন, ‘‘যা চলছে, তা হেনস্থা ছাড়া আর কিছুই নয়। তবে এই হেনস্থা করে নওশাদ সিদ্দিকির আইএসএফকে বা বাংলার বঞ্চিত মানুষকে আটকাতে পারবে না।’’ এমনকি, রাজ্য সরকারের বিরুদ্ধে আইএসএফের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।

Nawsad Siddique Bail arrest ISF
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy