Advertisement
E-Paper

সাগরে দুর্বল হচ্ছে নিম্নচাপ অঞ্চল, বসন্তে কি আরও ভিজবে রাজ্য? কবে থেকে বাড়বে তাপমাত্রা

বসন্তের বৃষ্টিতে মঙ্গলবার শীতের আমেজ নেমে এসেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। বেশ কয়েক জায়গায় মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪০
বসন্তে বৃষ্টির পরে ঠান্ডার আমেজ ফিরেছে দক্ষিণবঙ্গে।

বসন্তে বৃষ্টির পরে ঠান্ডার আমেজ ফিরেছে দক্ষিণবঙ্গে। — ফাইল চিত্র।

মাঝরাতের বৃষ্টির পরে মঙ্গলবার কিছুটা হলেও দক্ষিণবঙ্গে ফিরেছে হালকা ঠান্ডার অনুভূতি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী চার দিন এ রকমই থাকবে আবহাওয়া। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তার পরে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। এর মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। ক্রমে তা শক্তি হারাবে। আপাতত বৃষ্টির পূর্বাভাস আর নেই রাজ্যে।

গত কয়েক দিন দক্ষিণবঙ্গে পারদ ছিল ঊর্ধ্বমুখী। দিনের বেলা রোদের তেজ ছিল ঝাঁজালো। তার পরে বসন্তের বৃষ্টিতে মঙ্গলবার শীতের আমেজ নেমে এসেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। বেশ কয়েক জায়গায় মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার সবচেয়ে কম ছিল মগরা এবং পুরুলিয়ায়— ১৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হচ্ছে না। তার পরের তিন দিন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আট জেলায় বুধবার কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি হয়নি।

হাওয়া অফিসের দুপুরের বুলেটিন জানিয়েছে, মঙ্গলবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে ছিল নিম্নচাপ অঞ্চল। তা ক্রমে পূর্ব দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় শক্তি হারিয়ে দুর্বল হবে। তার কাছেই সমুদ্র থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও রয়েছে উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত। তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ার উপরে কতটা পড়বে, তা স্পষ্ট করেনি হাওয়া অফিস।

West Bengal Weather Update
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy