Advertisement
E-Paper

জামিন পেলেন না উদয়ন! তোলাবাজির সঙ্গে যুক্ত হল নতুন মামলা, আবার ৬ দিনের জেল হেফাজত প্রাক্তন মন্ত্রীর

আদালত সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪০৬, ৪২০, ৩৮৪, ১২০/বি ইত্যাদি ধারায় মামলা রুজু হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৯:৪১
Udayan Guha

উদয়ন গুহের বিরুদ্ধে যুক্ত হল নতুন অভিযোগ। —ফাইল চিত্র।

জামিন মিলল না প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের। বুধবার তাঁকে কোচবিহারের আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক আগামী ২৯ জুন পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্য দিকে, তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে জুড়েছে নতুন মামলা।

সরকারি আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল দিনহাটার বিধায়ক উদয়নের বিরুদ্ধে। কলকাতা থেকে গ্রেফতার করা হয় প্রবীণ রাজনীতিককে। গত ১৮ জুন তাঁকে দিনহাটা আদালতে তোলা হয়েছিল। সে দিন আদালতে জড়ো হন প্রচুর মানুষ। জনতার রোষের মুখে পড়েন প্রাক্তন মন্ত্রী উদয়ন। থানা থেকে বার করে আদালতে নিয়ে যাওয়ার পথে উদয়নের গায়ে পচা ডিম, কাদা থেকে ছেঁড়া জুতো ছোড়া হয়।

এর আগে প্রাক্তন মন্ত্রীকে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। তার মেয়াদ শেষ হতে বুধবার আবার উদয়নকে আদালতে হাজির করায় পুলিশ। আদালত সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪০৬, ৪২০, ৩৮৪, ১২০/বি ধারায় মামলা রুজু হয়েছে। দিনহাটা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় বর্মণ বলেন, ‘‘গত ১৮ জুন প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে সরকারি আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার মামলায় আদালতে তোলা হয়েছিল। আজ নতুন করে ওই মামলার সঙ্গে একটি নতুন মামলা যুক্ত হয়েছে। উদয়ন গুহের বিরুদ্ধে শিশুমঙ্গল সমিতির নামে দিনহাটার সাধারণ মানুষ থেকে শিক্ষক এবং ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে ২০২১ সালে নির্বাচনের পর যাঁরা বিরোধী রাজনৈতিক দলের কর্মী বা নেতা ছিলেন, তাঁদের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে টাকা আদায় করেছেন।’’ তিনি আরও বলেন, ‘‘বেশি টাকা তুলে কম টাকার রসিদ দেওয়া হয়েছে। উদয়ন গুহের বিরুদ্ধে এই ঘটনায় আলাদা একটি মামলা রয়েছে। তাঁর সঙ্গে সঙ্গে শিশুমঙ্গল সমিতির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে মোট ১৪ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে অন্যতম সাবির সাহা চৌধুরী, বিশু ধর, বিদ্যুৎ কমল সাহা, সুব্রত নাহা, পুলক বোস, বিভাস সরকার, জয়দীপ ঘোষ, মনসুর আলি, পঙ্কজ মহন্ত, মুস্তাফা খন্দকার, রূপা দেব, পার্থ সাহারা।’’

আদালত সূত্রে এ-ও জানা গিয়েছে, ওই মামলায় প্রাক্তন মন্ত্রীকে পুলিশ তাদের হেফাজতে চেয়েছিল। তবে নিজের শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে জামিন চেয়েছিলেন উদয়ন। শেষমেশ আগামী ২৯ জুন পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার উদয়নকে আদালতে তোলার সময় আবার লোকজন বিক্ষোভ দেখিয়েছেন। প্রাক্তন মন্ত্রীকে দেখে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়।

Udayan Guha TMC Crime Cases

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy