ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হল ডায়মন্ড হারবার থানায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সঙ্গে বেশ কয়েক জন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ ২৪ পরগনার সরিষার দুই বাসিন্দা। বিজেপি নেতা অভিজিৎ দাসের নেতৃত্বে বুধবার তাঁরা থানায় গিয়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, ২০১৯ সালের লোকসভা ভোট-পরবর্তী হিংসা এবং ২০২০ সালের একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে অভিষেক এবং তাঁর দলের নেতাদের বিরুদ্ধে এই এফআইআর।
অভিযোগকারীদের মধ্যে এক জন প্রবীর হালদার। তাঁর দাবি অনুযায়ী, করোনাকালে ২০২০ সালে তিনি এলাকায় ত্রাণ বিতরণ করছিলেন। সেই সময় তাঁর উপর হামলা চালানো হয়। কিন্তু তখন তৃণমূল নেতাদের বিরুদ্ধে তাঁর অভিযোগের গুরুত্ব দেয়নি পুলিশ। সরিষার বাসিন্দা অশোক বর্মণের অভিযোগ, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর তিনি ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসায় আক্রান্ত। তাঁরও দাবি, সেই সময় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। দুই অভিযোগকারীর বক্তব্য, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির বদলের পর বিচারের আশায় তাঁরা আইনের দ্বারস্থ হয়েছেন। তাঁদের আঙুল অভিষেক এবং তাঁর আপ্তসহায়ক সুমিত রায়ের দিকে। তা ছাড়াও রয়েছেন স্থানীয় কয়েক জন তৃণমূল নেতা।
আরও পড়ুন:
তবে এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর।