Advertisement
E-Paper

শিশুসন্তানের জন্য তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি পেলেন রক্ষাকবচ, তবে কাউন্সিলর স্বামীর আবেদন খারিজ

অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন রাজারহাট-গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি এবং তাঁর স্বামী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৬:২৬
Aditi Munshi & Debraj Chakraborty

আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট। কিন্তু তাঁর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, দু’জনকেই তদন্তে সহযোগিতা করতে হবে।

অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন রাজারহাট-গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি এবং তাঁর স্বামী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন সঙ্গীতশিল্পী অদিতি। তাঁর স্বামী দেবরাজ বিধাননগর পুরসভার প্রভাবশালী কাউন্সিলর বলেই পরিচিত। বিগত ৫ বছরে ওই দম্পতির আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, অর্থপাচার ইত্যাদির অভিযোগ ওঠে। নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ কম দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থী অদিতির বিরুদ্ধে।

তা ছাড়া বিধাননগর এলাকায় তোলাবাজি, সিন্ডিকেট চালানো, জমি দখলের মাধ্যমে বিপুল সম্পত্তির অধিকারী হওয়ার অভিযোগ রয়েছে রাজনীতিক দম্পতির বিরুদ্ধে। সম্প্রতি কলকাতা হাই কোর্টেই রাজ্যের তরফে দাবি করা হয়েছে, অদিতিদের কালিম্পঙে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। কিন্তু ভোটের আগে ওই অ্যাকাউন্ট ছাড়া আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা সরিয়ে ফেলা হয়েছিল। এ-ও বলা হয়, দেবরাজের ঘনিষ্ঠ বলে পরিচিত দু’জন গ্রেফতার হয়েছেন। কাউন্সিলর নিজে ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসার মামলাতেও অভিযুক্ত।

আগের শুনানিতে আদালত জানিয়েছিল, ১৯ জুন পর্যন্ত রাজনীতিক দম্পতিকে গ্রেফতার করা যাবে না।

বুধবার সংশ্লিষ্ট মামলায় উচ্চ আদালতের পর্যবেক্ষণ, অদিতির চার মাসের একটি শিশুসন্তান রয়েছে। এই অবস্থায় তাঁর আগাম জামিন মঞ্জুর করা হচ্ছে। তবে অদিতিকে তদন্তে সহযোগিতা করতে হবে। কিন্তু আপাতত বিদেশে যেতে পারবেন না সঙ্গীতশিল্পী-রাজনীতিক। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে তাঁকে। আদালতের অনুমতি ছাড়া বাইরে যেতে পারবেন না। এ ছাড়াও শর্ত দেওয়া হয়েছে, কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না। আর আপাতত বাগুইআটি থানা এলাকায় ঢুকতে পারবেন না প্রাক্তন বিধায়ক অদিতি। অন্য দিকে, তাঁর স্বামীকে তদন্তে সহযোগিতা করতে বলেছেন বিচারপতি সেনগুপ্ত। তবে তাঁকে আগাম জামিন দেওয়া হচ্ছে না।

Aditi Munshi Debraj Chakraborty TMC Calcutta High Court Corruption Case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy