উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী বদলের দাবিতে দলের নেতা কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির জেলা সভাপতি নির্মল দাম। শনিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মহাত্মা গাঁধী রোড এলাকায় বিজেপির জেলা কার্যালয়ে। এদিন বিজেপির চাকুলিয়া মন্ডল কমিটির সভাপতি শ্রীকান্ত সিংহের নেতৃত্বে দলের প্রায় ৫০ জন নেতা কর্মী দুপুর ২টা থেকে টানা দুঘন্টা দলের জেলা সভাপতি নির্মল দামকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের চাপে বিকাল চারটে নাগাদ নির্মলবাবু বিষয়টি দলের রাজ্য নেতৃত্বকে জানানোর আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ দিন বিজেপির বিক্ষুব্ধ নেতা কর্মীরা একাধিক গাড়িতে চেপে চাকুলিয়া থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে রায়গঞ্জের জেলা কার্যালয়ে গিয়ে নির্মলবাবুকে ঘেরাও করেন।
বিজেপির জেলা সভাপতি নির্মলবাবুর দাবি, ‘‘দলের জেলা কমিটি প্রার্থী হিসেবে যাদের নাম রাজ্য নেতৃত্বের কাছে প্রস্তাব হিসেবে পাঠিয়েছিলেন, তাঁদের মধ্যে কাউকে প্রার্থী করা হয়নি। তিনি বলেন, রাজ্য নেতৃত্বে নিজেদের সিদ্ধান্তে চাকুলিয়ায় প্রার্থী ঘোষণা করেছেন। এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। দলের নেতা কর্মীদের দাবি রাজ্য নেতৃত্বকে জানিয়ে দেওয়া হচ্ছে।’’
বিজেপি সূত্রের খবর, গত বৃহস্পতিবার বিজেপি রাজ্য কমিটি জেলার ন’টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সাতটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে। চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অসীম মৃধাকে। অসীমবাবু চাকুলিয়ার কানকি এলাকার বাসিন্দা হলেও তিনি গত প্রায় ছয় বছর ধরে নদিয়ার রাণাঘাট কলেজে শিক্ষকতা করেন। আন্দোলনকারীদের তরফে বিজেপির চাকুলিয়া মন্ডল কমিটির সভাপতি শ্রীকান্তবাবুর দাবি, দলের স্থানীয় নেতা কর্মীদের একাংশ অসীমবাবুকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না। তাঁরা স্থানীয় কাউকে প্রার্থী হিসেবে চাইছেন।
এই বিষয়ে চাকুলিয়ার বিজেপি প্রার্থী অসীমবাবুর দাবি, ‘‘প্রতি সপ্তাহে ছুটির দিনগুলিতে চাকুলিয়া এলাকায় দলের কাজ করি। ভুল করে আমাকে বহিরাগত বলছেন কেউ কেউ। আলোচনা করে সমস্যা মিটিয়ে ফেলা হয়েছে। দলের জেলা সভাপতির মাধ্যমেই আমি দলের রাজ্য নেতৃত্বে কাছে প্রার্থী হতে চেয়ে আবেদন করেছিলাম।’’