চারটি নতুন পর্যটন কেন্দ্র হবে ডুয়ার্সে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
ডুয়ার্সের চিলাপাতা, চালসা-সহ চারটি নতুন পর্যটন কেন্দ্র তৈরি করতে চলেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। বুধবার দুপুরে শিলিগুড়ির মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয়ে দফতরের অফিসার এবং বাস্তুকারদের নিয়ে বৈঠকের পর ওই ঘোষণা করেছেন দফতরের মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “রাজ্য পর্যটন দফতরের পাশাপাশি আমরাও বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছি। চালসা, চিলাপাতা, দক্ষিণ খয়েরবাড়ি এবং মেন্দাবাড়িতে নতুন পর্যটন কেন্দ্র তৈরি করা হচ্ছে। দফতরের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বন দফতরের সঙ্গেও কথা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে বরাদ্দ অর্থে কেন্দ্রগুলি তৈরি করা হচ্ছে।” চিলাপাতার বানিয়া নদী এলাকায় পর্যটন কেন্দ্রের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরজন্য প্রায় ৮ কোটি টাকা প্রাথমিক পর্যায়ে খরচ করা হবে। পর্যটকদের জন্য ১২টি কটেজ ছাড়াও নদীতে নৌকায় ঘোরার জন্য বোটিং-এর ব্যবস্থা থাকবে। পাশাপাশি, হাউসবোটের আদলে একটি রেঁস্তারো তৈরি হবে। সেখানেই পর্যটকদের খাবারের ব্যবস্থা করা হবে। চালসার মেটেলি লাগোয়া এলাকার প্রায় ৪ সাড়ে একর জমির উপর অত্যাধুনিক রিসর্ট তৈরি করা হবে। সেখানে কটেজ, স্পা, রেঁস্তোরা, হার্বাল ক্লিনিকের মত ব্যবস্থা থাকবে। যৌথ উদ্যোগে প্রায় ২০ কোটি টাকায় পরিকাঠামো তৈরি করবে উন্নয়ন দফতর। পরবর্তীতে তার চালানোর দায়িত্ব দেশের কোনও নামকরা সংস্থার হাতে তুলে দেওয়া হবে। গৌতমবাবু জানান, ইতিমধ্যে দেশের অন্যতম দুটি বড় বেসরকারি সংস্থা ইচ্ছাপ্রকাশ করে এগিয়ে এসেছে। এ ছাড়া দক্ষিণ খয়েরবাড়ি পুনর্বাসন কেন্দ্র এবং মেন্দাবাড়ি পর্যটক আবাস তৈরি করা হবে। ডুয়ার্সের ফালাকাটার মুজনাই ঝিল, মাথাভাঙা দমদমা ঝিল এবং জলপাইগুড়ি শহর লাগোয়া দোহমনী ঝিলের সংস্কার করে নতুন করে সাজিয়ে তোলা হবে।
আজ বন্ধ দুই বাগানে ২ মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
আজ, বৃহস্পতিবার বিশ্ব খাদ্য দিবসে ডুয়ার্সের বন্ধ ঢেকলাপাড়া এবং রেডব্যাঙ্ক চা বাগানে যাচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী। এদিন সকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাগানগুলিতে যাওয়ার কথা। বুধবার উত্তরকন্যায় মন্ত্রী গৌতমবাবু জানান, বিশ্বখাদ্য দিবসে আমরা বাগানগুলিতে যাব। বাগানের বাসিন্দাদের খাবারের প্যাকেট-সহ জিনিসপত্র দেওয়া হবে। এই বিশেষ দিনেও শ্রমিকদের জন্য সরকার ভাবছে। বাগানগুলি যাতে খোলা যায়, তাও দেখা হচ্ছে। উল্লেখ্য, ডুয়ার্সের ওই দুটি চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। ইতিমধ্যে বাগানে অপুষ্টি ও অনাহারে শ্রমিকত মৃত্যুর ঘটনার অভিযোগও সামনে এসেছে।
পাতার দাম না পেয়ে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
ময়নাগুড়ির পরে এবার জলপাইগুড়ি সদর ব্লকে দাম না মেলায় কাঁচা পাতা ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুদ্র চা চাষিরা। বুধবার জলপাইগুড়ি-হলদিবাড়ি রোডের কোনপাকড়ি এলাকায় সকাল ১১টা নাগাদ অবরোধ শুরু হয়। অবরোধ চলে দুপুর ২টা পর্যন্ত। অবরোধের জেরে যানজটে নাকাল হতে হয় নিত্য যাত্রীদের। চাষিদের অভিযোগ, কাঁচা পাতার দাম কমে ৩ টাকা কেজি হয়েছে।
বাংলাদেশি ধৃত
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
জাল নথি দিয়ে দেওয়া মোবাইল সিম, ভুয়ো ভোটার কার্ড সহ এক বাংলাদেশি নাগরিককে বালুরঘাট শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার তাকে শহরের পূর্বাঞ্চলপল্লি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে সুজিত সরকার নামে নিয়ে ওই যুবক বাড়ি ভাড়া নিয়েছিল। তার আসল পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
মাদক খাইয়ে লুঠ
নিজস্ব সংবাদাতা • মালদহ
ফের মাদক মেশানো খাবার খাইয়ে পাঁচ যাত্রীকে বেঁহুশ করে জিনিস লুঠ করে পালালো দুষ্কৃতীরা। বুধবার ভোরে মালদহ টাউন স্টেশনে রেল পুলিশ ও আরপিএফ জওয়ানরা হাটেবাজারে এক্সপ্রেসের অসংরক্ষিত কামরা থেকে পাঁচ যাত্রীকে উদ্ধার করে।