ছেলেধরা সন্দেহে এক মহিলাকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর মালদহে। শেষমেশ মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের আমতলা গ্রামে।
গ্রামের বাসিন্দা জনৈক ভরত মণ্ডলের কন্যা বাড়ির কাছে একটি মন্দিরের সামনে খেলাধুলো করছিল। গ্রামবাসীদের অভিযোগ, সেই সময় অজ্ঞাতপরিচয় এক মহিলা হঠাৎ শিশুটির দিকে এগিয়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করেন। সেটা নজরে পড়তেই ছুটে যান স্থানীয় কয়েক জন। মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে করতে তাঁকে খুঁটিতে বাঁধা হয়। শুরু হয় মারধর।
আরও পড়ুন:
বিভিন্ন জায়গায় ছেলেধরা নিয়ে গুজবে গণপিটুনির নানা ঘটনা ঘটেছে। তাই স্থানীয় কয়েক জনই থানায় খবর দিয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীদের দাবি, শিশুর নিরাপত্তার স্বার্থে তাঁরা ওই কাজ করেছেন। মহিলাকে জেরা করা উচিত। পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।