Advertisement
E-Paper

তৃণমূল সরকারের বিরুদ্ধে গান বেঁধে খুনের হুমকি! সঙ্গীতশিল্পীর অভিযোগে উদয়ন গুহের বিরুদ্ধে এফআইআর

বিধানসভা ভোটের আগে ওই সঙ্গীতশিল্পীর বাড়িতে তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় গিয়েছিলেন তৃণমূল সরকারের ১৫ বছরে উন্নয়নমূলক কাজের তালিকা নিয়ে। সেই শিল্পী উদয়ন গুহের বিরুদ্ধে অভিযোগ করলেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৭:০২
Udayan Guha

(বাঁ দিকে) অভিযোগকারী মণীন্দ্রনাথ বর্মণ। প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে এফআইআর দায়ের হল মাথাভাঙা থানায়। অভিযোগকারী ভাওইয়া সঙ্গীতশিল্পী মণীন্দ্রনাথ বর্মণ। মাথাভাঙার নয়ারহাটের বাসিন্দা ওই সঙ্গীতশিল্পীর পুলিশকে জানিয়েছেন, নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।

শুক্রবার রাতে মণীন্দ্রনাথ এক আইনজীবীকে নিয়ে মাথাভাঙা থানায় যান। পুলিশকে তিনি জানিয়েছেন, বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে গান বেঁধেছিলেন। সেই কারণে তাঁকে খুনের হুমকি দেন উদয়ন। এমনকি, গুন্ডা লাগানো হয়েছিল। দীর্ঘ দিন তিনি বাড়ি ছেড়ে অন্যত্র লুকিয়ে থেকেছেন। উদয়নের বিরুদ্ধে অভিযোগের সমস্ত বিবরণ দিয়েছেন পুলিশকে।

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে ওই সঙ্গীতশিল্পীর বাড়িতে তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় গিয়েছিলেন তৃণমূল সরকারের ১৫ বছরে উন্নয়নমূলক কাজের তালিকা নিয়ে। সেই মণীন্দ্রনাথ শনিবার বলেন, ‘‘তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন আমি রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু গান রচনা করেছিলাম এবং গানগুলো আমিই গেয়েছিলাম। সেই কারণে উদয়নের কোপে পড়ি। দিনহাটার বেশ কিছু তৃণমূল নেতা আমায় মেরে ফেলার হুমকি দেন। আমি পালিয়ে পালিয়ে বেড়িয়েছি। সেই সময় থানায় অভিযোগ জানাতেও পারিনি। আমার পিছনে দুষ্কৃতীদের লেলিয়ে দেওয়া হয়েছিল।’’

উদয়নের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ এবং এফআইআর দায়ের হওয়ার প্রেক্ষিতে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর মোবাইল বন্ধ ছিল। স্থানীয় তৃণমূল নেতৃত্বও এ নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি।

FIR Cooch Behar Udayan Guha TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy