বাংলা আবাস যোজনায় বাড়ি দেওয়ার জন্য কয়েক জন উপভোক্তার কাছ থেকে ‘কাটমানি’ নিয়েছেন। এই অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী এবং পঞ্চায়েতের দুই প্রাক্তন সদস্য-সহ মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ।
শুক্রবার মধ্যরাতে মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিশ শ্রীহট্ট গ্রামে হানা দেয়। অভিযুক্তদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে হাজির করিয়েছে পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছেন বড়ঞা ব্লকের সাবলপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীহট্ট গ্রামের বর্তমান তৃণমূল সদস্য সকেরা বিবির স্বামী সুফল রহমান, পঞ্চায়েতের দুই প্রাক্তন সদস্য প্রশান্ত কুমার পাল, উৎপল বাগদি এবং মানিক বায়েন।
শ্রীহট্ট গ্রামের বাসিন্দা অঙ্গরী দত্ত নামে এক উপভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, অঙ্গরীর মতোই বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ওই এলাকা থেকে কয়েক জনের কাছ থেকে আড়াই থেকে তিন লক্ষ টাকা তুলেছেন অভিযুক্তেরা।
আরও পড়ুন:
ধৃতদের মধ্যে প্রশান্ত ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকারও করেননি। পুলিশি ঘেরাটোপে আদালতে যাওয়ার পথে তিনি জানান, বাংলা আবাস নির্মাণের জন্য টাকা নেওয়া হয়েছিল। এই আর্থিক দুর্নীতির শিকড় কত দূর বিস্তৃত এবং এই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।