Advertisement
E-Paper

তাঁর স্বামীকে বাবা বানিয়ে ভোটার কার্ড করেছেন প্রতিবেশী! এনুমারেশন ফর্ম দেখে চোখ কপালে বৃদ্ধার

গত ২৭ নভেম্বর চোপড়া বিডিও অফিসে গিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন কমলা সিংহ। অভিযোগ, তাঁর প্রয়াত স্বামী সাল্টুরাম সিংহকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন বীরেন সিংহ নামে এক যুবক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৮:৩৭
Fake Voter

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিবেশী এক যুবক তাঁর স্বামীকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। এমনই অভিযোগ নিয়ে বিডিওর দ্বারস্থ হলেন এক বৃদ্ধা। ওই নিয়ে শোরগোল উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মাফিপাড়া গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে বিডিও।

গত ২৭ নভেম্বর চোপড়া বিডিও অফিসে গিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন মাফিপাড়ার বাসিন্দা কমলা সিংহ। তাঁর দাবি, প্রয়াত স্বামী সাল্টুরাম সিংহকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন বীরেন সিংহ নামে এক যুবক। এত দিন ধরে তাঁর স্বামীর নাম ব্যবহার করে অন্য একজন ভোটার কার্ড পেয়েছেন, তা তিনি জানতেন না। এখন ভোটার তালিকার বিশেষ নিবিড় স‌ংশোধনের প্রক্রিয়ায় ওই ‘ইচ্ছাকৃত ভুল’ তাঁর নজরে এসেছে।

কমলার দাবি, বীরেনকে তিনি ব্যক্তিগত ভাবে চেনেন না। তা ছাড়া তাঁর পরিবার বলতে দুই সন্তান। স্বামী মারা গিয়েছেন অনেক আগে। কোনও মুশকিলে পড়তে হবে ভেবে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। বৃদ্ধার কথায়, ‘‘আমি বড্ড দুশ্চিন্তায় আছি। প্রশাসনকে অনুরোধ করেছি, বীরেন সিংহের ভোটার কার্ড তৈরির সময় যেন আমার স্বামীর নাম বাদ দেওয়া হয়। ওরা কী করে দেখি।’’

Advertisement

অন্য দিকে, বীরেনের অভিনব যুক্তি, ‘‘আমি ৪০ বছর আগে এই এলাকায় বসবাস শুরু করি। স্থানীয় অভিভাবক হিসাবে এই নাম ব্যবহার করেছিলাম। আর কিছু বলব না।’’

প্রশাসন সূত্রে খবর, অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

সংক্ষেপে
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
  • শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
সর্বশেষ
২১ ঘণ্টা আগে
Fake Voter Chopra Enumeration Form SIR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy