E-Paper

ফল বেরোতে শুরু সংঘর্ষ, ঝরছে রক্ত

ফালাকাটা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সহ-সভাপতি চুয়াখোলা দেবজিৎ দেবনাথের বাড়িতে কিছু দুষ্কৃতী পাথর ছুড়তে শুরু করে।

নমিতেশ ঘোষ

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৮:৪১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিজেপির জয়ী প্রার্থীরা বারবার করে জানাচ্ছেন এলাকায় শান্তি বজায় রাখতে। তার পরেও ফল বেরোনোর ২৪ ঘণ্টার মধ্যে রাজনৈতিক সংঘর্ষে রক্ত ঝরল উত্তরবঙ্গে। কোচবিহারের তুফানগঞ্জে জমি বিবাদকে কেন্দ্র করে এক নাবালিকাকে ব্লেড চালিয়ে জখম করার অভিযোগ উঠেছে তৃণমূলের এক বুথ সভাপতির বিরুদ্ধে। এ ছাড়াও উত্তরবঙ্গে তৃণমূলের বেশ কিছু দফতর ভাঙচুর করা হয়। গেরুয়া রং করে দেওয়া হয়।

শিলিগুড়ির জয়ী প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, ‘‘মানুষ হৃদয় উজাড় করে ভোট দিয়েছে তৃণমূলের প্রশাসনের বিরুদ্ধে। বিজেপির দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। কোনও ধরনের অন্যায় হলে আইন আইনের পথে চলবে।’’ ফালাকাটা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সহ-সভাপতি চুয়াখোলা দেবজিৎ দেবনাথের বাড়িতে কিছু দুষ্কৃতী পাথর ছুড়তে শুরু করে। ঘটনায় তাঁর ষাটোর্ধ্ব বৃদ্ধা মা বিভারানী দেবনাথ ও দেবজিৎ দু’জনেই গুরুতর জখম হন। ওই ঘটনায় বিজেপির কোনও ভূমিকা নেই বলে দাবি করা হয়েছে। শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সোমবার রাতে কানকাটা মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এ দিন সকালেই বিজেপি কর্মীদের উপরে গুলি চালিয়ে, ধারাল অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বিরুদ্ধে। তিনি ধারাল অস্ত্র নিয়ে অনুগামীদের সঙ্গে বিজেপি কর্মীদের দিকে তেড়ে যাচ্ছেন এমন একটি ভিডিয়ো (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) সমাজমাধ্যমে পোস্ট করেছে বিজেপি। কৃষ্ণের দাবি, বিজেপি হামলা চালিয়েছে। ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

মালদহের রতুয়ার পরানপুরে বিজেপির বিজয় মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সোমবার ঘটনার প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখান রতুয়ার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Cooch Behar

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy