E-Paper

ইস্তফাপত্র পঞ্চায়েত সমিতির সভাপতির

শুক্রবার শিলিগুড়িতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরসভা, পঞ্চায়েত, জিটিএ-তে যাঁরা অনৈতিক কাজ করেছেন এবং মানুষের মুখোমুখি হতে পারছেন না, তাঁদের থানায় আত্মসমর্পণ কিংবা প্রয়োজনে পদত্যাগ করার বার্তা দেন।

গৌর আচার্য 

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৮:৩৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ইস্তফা দিতে চেয়ে প্রশাসনকে চিঠি পাঠালেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি হিরণ্ময় সরকার। শুক্রবার সন্ধ্যায় তিনি মহকুমাশাসক (রায়গঞ্জ) তন্ময় বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়েছেন। এর জেরে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির পরে এ বার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতেও অচলাবস্থার পরিস্থিতি তৈরি হল বলে দাবি।

মহকুমাশাসক (রায়গঞ্জ) তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘হিরণ্ময়বাবুর পদত্যাগপত্র খতিয়ে দেখা হচ্ছে। সভাপতি, সহকারী সভাপতি ও কর্মাধ্যক্ষদের অভাবে হেমতাবাদ ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে উন্নয়ন ব্যাহত হবে না।’’ হিরণ্ময় এ দিন ফোন ধরেননি, মেসেজের উত্তর মেলেনি।

প্রসঙ্গত, শুক্রবার শিলিগুড়িতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরসভা, পঞ্চায়েত, জিটিএ-তে যাঁরা অনৈতিক কাজ করেছেন এবং মানুষের মুখোমুখি হতে পারছেন না, তাঁদের থানায় আত্মসমর্পণ কিংবা প্রয়োজনে পদত্যাগ করার বার্তা দেন।

গত ৮ জুন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি শম্ভু রায় ও সহকারী সভাপতি সাবিনা বেগমের বিরুদ্ধে অনাস্থা আনেন সমিতির সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সদস্যেরা। ওই দিনই শম্ভু ও সাবিনা ইস্তফা দেন। ৮ জুলাই প্রশাসন সমিতির সভাপতি ও সহকারী সভাপতি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেও পরে তা বাতিল করে দেয়। প্রশাসন জানিয়েছে, আপাতত জেলার কোনও গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে বোর্ড ভাঙার সরকারি নির্দেশ নেই। রাস্তা, আলো, পানীয় জল-সহ জরুরি পরিষেবার ক্ষেত্রে সব রকম উন্নয়নের কাজ বজায় রাখতে হেমতাবাদ ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে বিডিওকে প্রশাসকের পদে বসানোর বিষয়ে আলোচনা চলছে।

বিজেপির জেলা সভাপতি নিমাইচন্দ্র কবিরাজ বলেন, ‘‘বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরে হেমতাবাদ ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূলের পদাধিকারীরা ইস্তফা দিয়ে সমিতি অচল করে সার্বিক উন্নয়নের কাজ বিঘ্নিত করছেন। কেউ দুর্নীতি করে ইস্তফা দিয়ে থাকলে প্রশাসন আইন মেনে ব্যবস্থা নিক।’’ অন্য দিকে, হিরণ্ময়, শম্ভু ও সাবিনার দাবি, তাঁরা স্বচ্ছ ভাবে সমিতি পরিচালনা করেছেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kaliaganj

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy