Advertisement
E-Paper

দুই বিদেশিনীকে বন্দি করে লক্ষ ডলার হাতান পাক উপপ্রধানমন্ত্রীর নাতি? কীর্তি ফাঁস নির্যাতিতার

নির্যাতিতাদের এক জন নেদারল্যান্ড্‌স এবং এক জন ভেনেজ়ুয়েলার বাসিন্দা। ব্যবসায়িক কাজের সূত্রে তাঁরা পাকিস্তানে গিয়েছিলেন। লাহৌরে তাঁদের অপহরণ এবং ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৯:১৪
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। —ফাইল চিত্র।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের নাতি রাজ়া দারের বিরুদ্ধে বিদেশিনীদের বন্দি করে ক্রিপটোকারেন্সিতে এক লক্ষ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ওই বিদেশিনীদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। সম্প্রতি পাকিস্তানের আদালতে বয়ান রেকর্ড করেছেন নির্যাতিতাদের এক জন। তাতেই রাজ়ার নাম প্রকাশ্যে এসেছে। রাজ়াকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ। তিনিই উপপ্রধানমন্ত্রীর নাতি বলে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হচ্ছে। যদিও মন্ত্রী নিজে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। পুলিশের তরফেও মন্ত্রীর সঙ্গে অভিযুক্তের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু বলা হয়নি।

নির্যাতিতাদের এক জন নেদারল্যান্ড্‌স এবং এক জন ভেনেজ়ুয়েলার বাসিন্দা। ব্যবসায়িক কাজের সূত্রে তাঁরা পাকিস্তানে এসেছিলেন। রাজ়ার সঙ্গে আগে থেকেই তাঁদের যোগাযোগ ছিল। তিনিই পাকিস্তানে আসার জন্য দুই তরুণীর বাণিজ্যিক ভিসার বন্দোবস্ত করে দিয়েছিলেন। অভিযোগ, গত ২৯ জুন লাহৌর থেকে দু’জনকে অপহরণ এবং গণধর্ষণ করা হয়। এখনও পর্যন্ত পুলিশ রাজ়া-সহ চার জনকে গ্রেফতার করেছে। এক জন নিখোঁজ। তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে পাকিস্তানি আদালত।

পাক সংবাদমাধ্যম এআরআই নিউজ়ে প্রকাশিত নির্যাতিতার বয়ান অনুযায়ী, অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হানা দেন অভিযুক্তেরা। একটি ঘরে তাঁদের বন্দি করে ক্রিপটোকারেন্সিতে এক লক্ষ মার্কিন ডলার দাবি করা হয়। তাঁদের কাছ থেকে কম্পিউটার কেড়ে নিয়ে টাকার লেনদেন শুরু হয় বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, তাঁর মাথায় সজোরে আঘাত করা হয়েছিল। টাকা না-পেলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল দু’জনকেই। তাঁদের মধ্যে এক জনের মোবাইল ফোন কেড়ে নেন অভিযুক্ত রাজ়া। তাঁর নাম করেই বন্ধুবান্ধবদের কাছে টাকা চাওয়া হয়। শেষ পর্যন্ত টাকার বন্দোবস্ত হয়।

নির্যাতিতার বয়ান অনুযায়ী, বন্দি অবস্থায় তাঁদের যৌন হেনস্থা করা হয়েছিল। দু’জন এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং তৃতীয় জন পাহারা দিচ্ছিলেন। নির্যাতিতার কথায়, ‘‘ওরা হাসছিল। আমাকে থাপ্পড় মারল। আমি কাঁদলে চুপ করতে বলছিল।’’ অভিযোগ, দুই বিদেশিনীকে গাড়ি করে বিমানবন্দরের দিকে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্তেরা। সেই সময়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়়ে। তখনই তাঁদের উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, দুই তরুণীর সঙ্গে গত বছর সিঙ্গাপুরে দেখা করেছিলেন রাজ়া। ধৃতের পরিচয় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ না করলেও পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এই রাজ়াই উপপ্রধানমন্ত্রী দারের ‘ঘনিষ্ঠ আত্মীয়’। তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়, সেটাই দেখার।

Pakistan Ishaq Dar Lahore

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy