E-Paper

‘গ্রিন ক্যাম্পাস’-এর প্রস্তাব রাজ্যপালকে

রবিবার রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা সমাধানের আর্জি-সহ একাধিক উন্নয়ন-প্রস্তাব রাজ্যপালের কাছে জমা দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৭:২৭
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ফাইল চিত্র।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির জন্য রাজ্যপালের কাছে প্রস্তাব জমা দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন কর্তৃপক্ষ। রাজ্যপাল তার অনুমোদন দিলে সেখানে ‘গ্রিন ক্যাম্পাস’ গড়ে তোলা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। আগামী ১০ জুলাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উত্তরবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠক করার কথা রাজ্যপাল আরএন রবির।

ওই বৈঠকে ডাকা হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেন ও রেজিস্ট্রার দুর্লভ সরকারকে। রবিবার রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা সমাধানের আর্জি-সহ একাধিক উন্নয়ন-প্রস্তাব রাজ্যপালের কাছে জমা দেওয়া হবে। সেই প্রস্তাব তৈরির কাজ শেষের পথে। উপাচার্য অর্ণব বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তোলার উপরে জোর দিচ্ছি। আমরা চাই, প্রস্তাবিত সেই দ্বিতীয় ক্যাম্পাস রাজ্যে প্রথম ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তুলতে। আশা করছি, রাজ্যপাল সেই প্রস্তাবে অনুমোদন দেবেন।"

উপাচার্য জানিয়েছেন, রায়গঞ্জের আব্দুলঘাটায় বিশ্ববিদ্যালয়ের জমি রয়েছে। সেখানে দ্বিতীয় ক্যাম্পাস গড়ার প্রস্তাব রাজ্যপালকে দেওয়া হবে। অর্ণব বলেন, ‘‘সবুজের মাঝে সৌর বিদ্যুতের পরিকাঠামোয় সেই ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পরিবেশ-বান্ধব ওই ‘গ্রিন ক্যাম্পাস’ তৈরি হলে সেখান থেকে পরিবেশ বাঁচাতে নানা গাছ লাগানো এবং দূষণ বিরোধী বার্তা দেওয়া হবে।’’ রেজিস্ট্রার এই দিন জানিয়েছেন, বৈঠকে রাজ্যপালের কাছে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব, কার্যনির্বাহী সমিতি, কোর্ট বৈঠকের অনুমতি চাওয়া-সহ বিশ্ববিদ্যালয়ের নির্মীয়মাণ দশ তলা ভবন তৈরির কাজ শেষ করতে টাকা বরাদ্দ, অডিটোরিয়াম তৈরি, এআই, আইন বিষয়ে পঠনপাঠন, কুলিক পক্ষিনিবাস-সহ বিভিন্ন বিষয়ে গবেষণা কেন্দ্র চালুর প্রস্তাব দেওয়া হবে। রেজিস্ট্রার বলেন, ‘‘স্থায়ী উপাচার্যের অভাবে সাত বছর সমাবর্তন উৎসব হচ্ছে না। ফলে, স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ পড়ুয়াদের ‘চূড়ান্ত শংসাপত্র’ দেওয়ার কাজ আটকে রয়েছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

raiganj

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy