E-Paper

দোকানে মজুত দুই রঙের আবির, আতশবাজিও

সবুজ আর গেরুয়া দুই রঙের আবিরই বেশি করে তুলেছি। যেটা বেশি বিক্রি হবে, সেটাতেই লাভ।”

শুভঙ্কর পাল

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৯:০২
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণা। গোটা দেশের নজর এখন সে দিকেই। তার আগেই শহরের বিভিন্ন বাজার, দোকানে শুরু হয়েছে জোর প্রস্তুতি। রাজনৈতিক দল ও তাদের কর্মী-সমর্থকদের সম্ভাব্য বিজয় উল্লাসের কথা ভেবে শিলিগুড়ির মহাবীরস্থান, হকার্স কর্নার, বিধান মার্কেট-সহ একাধিক এলাকার দোকানে মজুত করা হয়েছে বিপুল পরিমাণে আবির, আতশবাজি।

ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, কোন রাজনৈতিক দল এগিয়ে থাকবে, তা এখনও স্পষ্ট নয়, তাই সব দিক মাথায় রেখে সবুজ ও গেরুয়া দুই রঙের আবিরই পর্যাপ্ত পরিমাণে রাখা হয়েছে। বিধান মার্কেটের বিক্রেতা অনিল কর্মকার বলেন, “ভোটের ফল কী হবে জানা নেই। আগে থেকে কিছুই বোঝা যাচ্ছে না এ বার। তবে সবুজ আর গেরুয়া দুই রঙের আবিরই বেশি করে তুলেছি। যেটা বেশি বিক্রি হবে, সেটাতেই লাভ।”

ছোট প্যাকেট থেকে বড় ব্যাগ— সব ধরনের আবিরের পাশাপাশি শহরের বহু দোকানে মজুত করা হয়েছে বিভিন্ন ধরনের আতশবাজিও। শব্দবাজি, লঙ্কাবাজি-সহ একাধিক বাজির চাহিদার কথা মাথায় রেখে ব্যবসায়ীরা আগাম প্রস্তুতি সেরে ফেলেছেন। শুধু তাই নয়, সোমবার সকাল থেকেই শহরের ব্যান্ডপার্টির দোকানগুলিও প্রস্তুত থাকছে ঢাক, ঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে।

বিজেপি ও তৃণমূল দুই শিবিরের নেতা-কর্মীদের বক্তব্য, সোমবার দুপুরের পরে ফলাফলের প্রবণতা স্পষ্ট হলে শুরু হবে বিজয় উল্লাস। শিলিগুড়ি কলেজে সমতলের তিনটি কেন্দ্রের ভোটগণনা হওয়ার কারণে ওই এলাকার দোকানগুলিতেও আবির ও উৎসবের অন্য সামগ্রী মজুতরাখা হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Siliguri

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy