কাজে বেরিয়ে মহানন্দা ক্যানেল ঝাঁপ দিলেন এক যুবক। তাঁর স্কুটার থেকে মিলেছে একটি চিঠি। যা সুইসাইড নোট বলে মনে করছে পুলিশ। কাগজে লেখা ‘জাস্টিস ফর সিস্টার।’ কিন্তু বোনের কী হয়েছিল, তাঁর সঙ্গে কী অবিচার হয়েছে, তা পুলিশ বা পরিবার কারও তরফেই কিছু জানা যায়নি। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শিলিগুড়িতে।
পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী যুবকের নাম মনোজ ডালমিয়া। শিলিগুড়ির ২৬ নম্বর ওয়ার্ডের মিলনপল্লির বাসিন্দা তিনি। রবিবার বাড়ি থেকে স্কুটার নিয়ে বেরিয়েছিলেন ৪৮ বছরের মনোজ। ফাঁসিদেওয়া এলাকায় মহানন্দা ক্যানেলের পাশে স্কুটার রেখে সুইসাইড নোট লেখেন তিনি। সঙ্গে থাকা মোবাইল, দোকানের চাবি এবং সুইসাইড নোট স্কুটারের বুটে রেখে তিনি ঝাঁপ দেন ক্যানেলে। মুহূর্তের মধ্যে তলিয়ে যান। স্থানীয় কয়েক জনের নজরে পড়েছিল। তাঁদের মাধ্যমে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তার পর ওই জিনিসগুলো উদ্ধার হয়েছে। খবর দেওয়া হয় মনোজের পরিবারকে। তাঁরা গিয়ে মনোজের জিনিসপত্র শনাক্ত করেন।
তবে সুইসাইড নোটে লেখা ‘জাস্টিস ফর সিস্টার’ নিয়ে রহস্য দানা বেঁধেছে। মনোজ বোনের বিচার চেয়ে কেন আত্মঘাতী হলেন, সেই জবাব নেই পরিবারের কাছে। বোন আদৌ জীবিত কি না কিংবা তাঁর সঙ্গে কী হয়েছিল জানার চেষ্টা করছে পুলিশ। মনোজের দেহের খোঁজে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে ক্যানেলে। স্পিড বোট নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুন:
মনোজের প্রতিবেশী নীরেন রায় বলেন, ‘‘হঠাৎ স্কুটারে মোবাইল-সহ নানা জিনিস রেখে ক্যানেলে ঝাঁপ দিয়েছে মনোজ৷ আমরা আত্মহত্যার কারণ জানি না।’’ নকশালবাড়ি এসডিপিও সৌমজিৎ রায় বলেন, ‘‘সুইসাইড নোটে বোনের বিচারের কথা লেখা রয়েছে৷ এ ব্যাপারে খোঁজখবর করছে পুলিশ। তদন্ত চলছে।’’