মেধাবী ছাত্রীর মুখে অ্যাসিড ছোড়ার ঘটনায় উদ্বেগের মেঘ গোটা আলিপুরদুয়ারে। তারই মধ্যে আলিপুরদুয়ার পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবকান্ত বড়ুয়ার ফেসবুকে মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হল শহর জুড়ে।
দেবকান্তবাবু তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ‘আজকাল মেয়েদের নিরাপত্তার জন্য কিছু কিছু জায়গায় যে মেয়েরাই দায়ী শুধু একটু চারিদিকে নজর রাখলেই তা বোঝা যায়।’ তাঁর এই মন্তব্য ঘিরে ফেসবুকে ঝড় ওঠায় দেবকান্ত বাবু বলেন, “আমার বলার অর্থ মেয়েদের আরও সচেতন হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের প্রশ্রয়ের জন্য এই সব ঘটনা ঘটে থাকে। তবে এই ক্ষেত্রে কী ঘটেছে বিশদে জানি না। বিষয়টি নিয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। মেয়েটি সুস্থ হয়ে উঠুক এই কামনা করি।”
অ্যাসিড হামলার শিকার ওই ছাত্রী এক সময় নিউটাউন গার্লস স্কুলে পড়ত। সেখানকার সহকারী প্রধান শিক্ষিকা শ্রেয়সী দত্ত বলেন, “উঠতি বয়সে মেয়েদের সামনে নানা হাতছানি। তাই অনেক সময় তাঁরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের উচিত ওদের সাবধান করা। তবে দেবকান্ত বড়ুয়া বাবুর মন্তব্য ঠিক নয়। মেয়েটি আমাদের স্কুলে এবার উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছিল। ওর সঙ্গে এই ঘটনা ঘটায় আমার আতঙ্কিত।”
সরকারি আইনজীবী জহর মজুমদার বলেন, “আলিপুরদুয়ারের অ্যাসিড আক্রমণের পাশাপাশি ফালকাটায় দিন দুপুরে স্কুল ছাত্রী নিকিতা দত্তকে গুলি করে খুন করা হয়। তাই মেয়েদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হতে হবে।’’ আলিপুরদুয়ার মহিলা কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় অবশ্য বলেন, “শুধু আইনি পদক্ষেপে এ ধরনের ঘটনা রোখা সম্ভব নয়। সঙ্গে সামাজিক সচেতনতার প্রয়োজন রয়েছে।
স্কুল শিক্ষিকা থেকে আইনজীবী, পুলিশ প্রশাসন সকলেই মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। অভিযুক্ত অভী সরকারের শাস্তির দাবিতে সরব হয়েছেন গোটা শহরের মানুষ। গত মঙ্গলবার অ্যাসিড হামলার শিকার ছাত্রীর চিকিৎসা চলছে কলকাতার এসএসকেএম হাসপাতালে।
আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ বলেন, “অ্যাসিড আক্রমণের এই ঘটনার পর রাস্তায় মেয়েদের কি ধরণের সাবধানতা অবলম্বন করা উচিত তা নিয়ে আমরা সচেতনতা মূলক অনুষ্ঠান করব। বিভিন্ন স্কুলের শিক্ষিকা ছাত্রী ও অভিভাবকদের নিয়েও আলোচনায় বসা হবে।’’