E-Paper

রাজ্যসভার ভোটের পর কি বঙ্গে ভোটের দিন ঘোষণা

১৬ মার্চ দশটি রাজ্যের ৩৭টি রাজ্যসভা আসনে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১০

—প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজ যে পর্যায়ে রয়েছে, তাতে একেবারে ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচনের পরে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক শিবির মনে করছে। রাজনৈতিক দলের নেতাদের মত, এসআইআর-এর পুরো কাজ শেষ না করে নির্বাচন কমিশনের পক্ষে পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা সম্ভব নয় এবং ভোট ঘোষণা হতে যদি মার্চের দ্বিতীয় সপ্তাহ গড়িয়ে যায়, তা হলে পশ্চিমবঙ্গে খুব বেশি হলে চার দফায় ভোটগ্রহণ হবে।

পশ্চিমবঙ্গে এসআইআর-এ তথ্যগত অসঙ্গতি এবং আন-ম্যাপড তালিকায় থাকা ভোটারদের নথি যাচাই করতে সুপ্রিম কোর্ট বিচারকদের দায়িত্ব দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সূত্রের বক্তব্য, যদি এক হাজার জন বিচারক নিয়োগ করা হয়, তা হলেও ৫০ লক্ষ বকেয়া নথি যাচাই করতে দিন কুড়ি সময় লাগবে। অর্থাৎ, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও তার পরে আরও দিন পনেরো সময় লাগবে গোটা কাজ শেষ করে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে। এর মধ্যে দোল, হোলির ছুটি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৪ মার্চ ভোটমুখী অসমে শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসওয়ের উদ্বোধন রয়েছে। তার আগে ভোট ঘোষণা হয়ে গেলে আদর্শ আচরণবিধিতে সেই উদ্বোধন আটকে যাবে। প্রধানমন্ত্রীর ওই কর্মসূচিতে বদল না হলে, ১৪ মার্চের পরেই ভোট ঘোষণা হবে।

এ দিকে ১৬ মার্চ দশটি রাজ্যের ৩৭টি রাজ্যসভা আসনে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। রাজনৈতিক শিবিরের একাংশ মনে করছে, সে ক্ষেত্রে ১৬ মার্চ রাজ্যসভার ভোটের পরেই পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে ভোট ঘোষণা হতে পারে।

যে কোনও রাজ্যে ভোটের আগে মুখ্য নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনার সেই রাজ্যে প্রস্তুতি দেখতে যান। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও দুই নির্বাচন কমিশনার অসমের কাজ সেরে এসেছেন। বুধবার থেকে তাঁরা তিন দিনের সফরে পুদুচেরি ও তামিলনাড়ুতে গিয়েছেন। এর পরে কেরল ও পশ্চিমবঙ্গ সফর রয়েছে। পশ্চিমবঙ্গে আগামী সপ্তাহে ১ ও ২ মার্চ উপ-নির্বাচন কমিশনার-সহ জাতীয় নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দলের যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সফর পিছিয়ে গিয়েছে। এই প্রতিনিধি দলটি ঘুরে আসার পরেই মুখ্য নির্বাচন কমিশনারপশ্চিমবঙ্গে যাবেন।

প্রশ্ন উঠেছে, যদি বিধানসভা নির্বাচন ঘোষণা হতে মার্চের দ্বিতীয় সপ্তাহ গড়িয়ে যায়, তা হলে কি নির্দিষ্ট সময়ের মধ্যে বিধানসভা ভোট সেরে ফেলা সম্ভব? নির্বাচন কমিশন সূত্রের বক্তব্য, ২০২১-এ বিধানসভা নির্বাচন ঘোষণা হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় ভোটগ্রহণ হয়েছিল।ফল ঘোষণা হয়েছিল ২ মে। পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। তার আগে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। রাজনৈতিক শিবিরের বক্তব্য, এখনও পর্যন্ত যা ইঙ্গিত মিলছে, তাতে এ বার পশ্চিমবঙ্গে চার দফায় বেশি ভোটগ্রহণ হবে না। সে ক্ষেত্রে এপ্রিলের মাঝামাঝি সময়ে ভোট শুরু করে ওই মাসের মধ্যেই ভোটগ্রহণ শেষ করে ফেলা সম্ভব।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Rajya sabha Election 2026 Assembly Election

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy