প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আট বছর পূর্তি। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার নানা প্রকল্প মঙ্গলবার দেখানো হচ্ছিল। সেখানে বসেছিলেন বীরভূমের বিজেপি নেতারা। তা নিয়ে আপত্তি তোলেন তৃণমূল নেতারা। যদিও সেই রাজনৈতিক বিবাদের উত্তাপ ঠান্ডা হয়ে যায় চায়ের কাপে।
মঙ্গলবার সিউড়ির পোস্ট অফিসে মোদী সরকারের আট বছর পূর্তি উপলক্ষ্যে ভিডিয়োর মাধ্যমে দেখানো হচ্ছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার নানা প্রকল্প। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা। সঙ্গে ছিলেন আরও বেশ কয়েক জন বিজেপি নেতা-কর্মী। বিষয়টি নিয়ে আপত্তি তোলে তৃণমূল। সরকারি কর্মসূচিতে কেন বিজেপির নেতাকর্মীরা সরকারি দফতরে বসে থাকবেন, এই প্রশ্ন তোলেন তৃণমূল নেতা-কর্মীরা। এ নিয়ে বিজেপি এবং তৃণমূল কর্মীদের স্লোগান, পাল্টা স্লোগানে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
যদিও কিছু ক্ষণ পরে দু’পক্ষকেই দেখা যায় চায়ের দোকানে। চায়ের কাপ হাতে। গরম চায়ে রাজনৈতিক বিবাদের আঁচ কেটে যায়। হয় মধুরেণ সমাপয়েৎ। বিজেপি নেতা ধ্রুবের কথায়, ‘‘বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল। তার পর আমরা একসঙ্গে চা খেলাম। আমরা তো সহ-নাগরিক না কি?’’
পাল্টা তৃণমূল নেতা রাজিবুল ইসলামের বক্তব্য, ‘‘আমরা ওঁদের সকলকে বাইরে নিয়ে এসে চা খেয়েছি। তবে বিজেপি কর্মীদের ওখানে বসে থাকা মানব না।’’