E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

গণনাকেন্দ্রে বাড়তি নিরাপত্তা

জেলা নির্বাচনী দফতর সূত্রে জানা গিয়েছে, ভোটকর্মীদের প্রশিক্ষণে যোগ দিতে যাওয়ার সময় তাঁদের প্রত্যেককে সার্ভিস আইডেনটিটি কার্ড নিয়ে যেতে বলা হয়েছে, সঙ্গে ছবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ২২:৪৬
সিউড়ি রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে হয়েছে স্ট্রংরুম। লাগানো হয়েছে নজর ক্যামেরা।

সিউড়ি রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে হয়েছে স্ট্রংরুম। লাগানো হয়েছে নজর ক্যামেরা। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।

আগামিকাল, সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। গণনাকর্মীদের প্রশিক্ষণ হবে আজ, রবিবার। গণনা কেন্দ্রে অবাঞ্ছিতদের প্রবেশ রুখতে আরও একটি বিষয় সংযোজন করেছে নির্বাচন কমিশন। সেটি হল কিউআর কোডযুক্ত সচিত্র পরিচয়পত্র। গণনা আরও নিরাপদ ও স্বচ্ছ করতেই এই ব্যবস্থা জানিয়েছে কমিশন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার তিন মহকুমা রামপুরহাট, সিউড়ি ও বোলপুরের তিনটি জায়গায় প্রশিক্ষণ নেবেন ১০৬৩জন গণনাকর্মী। তালিকায় রয়েছেন ৩৬৮ জন কাউন্টিং সুপারভাইজ়ার, ৩২৫জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট ও ৩৭০জন মাইক্রো অবজ়ার্ভার। কাউন্টিং সুপারভাইজ়ার ও মাইক্রো অবজার্ভার-রা কেন্দ্রীয় সরকারি কর্মী হবেন। কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মী হতে পারেন।

জেলা নির্বাচনী দফতর সূত্রে জানা গিয়েছে, ভোটকর্মীদের প্রশিক্ষণে যোগ দিতে যাওয়ার সময় তাঁদের প্রত্যেককে সার্ভিস আইডেনটিটি কার্ড নিয়ে যেতে বলা হয়েছে, সঙ্গে ছবি। সেখানেই প্রত্যেকের সচিত্র পরিচয় কার্ড তৈরির সময় কিউআর কোড যুক্ত করা হবে। গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি ছাড়া অন্য কেউ যাতে সেখানে প্রবেশ করতে না পারেন।

কমিশন স্পষ্ট করেছেন, গণনাকেন্দ্রে প্রবেশের আগে ত্রিস্তরীয় যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে ভোটকর্মীদের। শুধু গণনাকর্মীরাই নন, গণনাকেন্দ্রে যাঁরা প্রবেশ করবেন অর্থাৎ রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, কাউন্টিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ, প্রার্থী, নির্বাচন এজেন্ট প্রত্যেকের জন্যই একই ব্যবস্থা।

জেলায় তিনটি গণনা কেন্দ্র রয়েছে। সিউড়ির রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে (পলিটেকনিক কলেজ) দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া ও ময়ূরেশ্বর চরটি কেন্দ্রের, বোলপুর কলেজে বোলপুর, লাভপুর ও নানুর বিধানসভা কেন্দ্রের ও রামপুরহাট কলেজে রামপুরহাট, মুরারই নলহাটি এবং হাঁসন কেন্দ্রের ভোট গণনা হবে।

জেলা নির্বাচনী দফফতর সূত্রে জানা গিয়েছে, আজ, রবিবার ভোটকর্মীরা প্রশিক্ষণ নেবেন সিউড়ি ডিআরডিসি, রামপুরহাটের রক্তকরবী এবং বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। তিনটি জায়গায় প্রশিক্ষণ নেবেন যথাক্রমে ৩৬৮, ৪১৮ ও ২৭৭জন গণনাকর্মী। কে কোন কেন্দ্রে যাবেন সেটি প্রশিক্ষণ শেষেই জানিয়ে দেওয়া হবে। সোমবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Suri

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy