Advertisement
E-Paper

টুকরো খবর

২০১৬ বিধানসভা নির্বাচনকে লক্ষ করে ‘মিশন ১৪৯’-এ বিজেপি রামপুরহাট বিধান সভায় অঞ্চল ভিত্তিক সম্মেলন শুরু করল। রবিবার, রামপুরহাটের চাকপাড়া গ্রামে তারাপীঠ রোডের বামদেব বিদ্যাপীঠে বিজেপির খরূন অঞ্চল কমিটির সম্মেলন অনুষ্টিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা সহ সভাপতি শুভাশিস চৌধূরী সহ আরও জেলা নেতৃত্ব। বিজেপির জেলা সহ-সভাপতি শুভাশিস চৌধুরী বলেন, “এতদিন রাজ্যে বিজেপি কর্মীরা দল করলেও তারা প্রকাশ্যে আসতে সাহস পেত না।

শেষ আপডেট: ২৩ জুন ২০১৪ ০১:৩০

রামপুরহাটে শুরু বিজেপির ‘মিশন’

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

২০১৬ বিধানসভা নির্বাচনকে লক্ষ করে ‘মিশন ১৪৯’-এ বিজেপি রামপুরহাট বিধান সভায় অঞ্চল ভিত্তিক সম্মেলন শুরু করল। রবিবার, রামপুরহাটের চাকপাড়া গ্রামে তারাপীঠ রোডের বামদেব বিদ্যাপীঠে বিজেপির খরূন অঞ্চল কমিটির সম্মেলন অনুষ্টিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা সহ সভাপতি শুভাশিস চৌধূরী সহ আরও জেলা নেতৃত্ব। বিজেপির জেলা সহ-সভাপতি শুভাশিস চৌধুরী বলেন, “এতদিন রাজ্যে বিজেপি কর্মীরা দল করলেও তারা প্রকাশ্যে আসতে সাহস পেত না। এখন বিজেপি কর্মীরা সাহস করে ঘর থেকে বেরিয়ে সংগঠন করছেন।” সম্মেলন ঘিরে এ দিন ও রামপুরহাট থানার জয়রামপুর, আটলা, জুনিদপুর গ্রাম থেকে শতাধিক সিপিএম এবং তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। অন্য দিকে, রাজ্যে কলেজে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করার দাবিতে তীব্র আন্দোলন সংঘটিত করতে চলেছে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সংগঠনের নেতৃত্বর দাবি, রাজ্য জুড়ে কলেজে কলেজে ছাত্র আন্দোলনের নামে যে দখলদারির রাজনীতি করছে তৃণমূল ছাত্র পরিষদ তার প্রতিবাদ করার জন্য প্রস্তুতি নিচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বীরভূম জেলার সিউড়িতে দক্ষিণবঙ্গের ১৩ টি জেলার ১৬৫ জন প্রতিনিধি নিয়ে প্রশিক্ষণ শিবির করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শিবির শেষে সংগঠনের প্রদেশ সম্পাদক এবং জাতীয় কমিটির সদস্য বিশ্বজিৎ সরকার বলেন, “রাজ্যে পরিকাঠামো অভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে সরকার। আবার বলছে ৭৫ কলেজে অন লাইন ভর্তি প্রক্রিয়া চালু আছে। আমাদের সংগঠন রাজ্য সরকারের এই কথার তীব্র প্রতিবাদ করছে।” ২৭ জুন থেকে ২৯ জুন মালদহ জেলার চাঁচলে উত্তরবঙ্গের ৬টি জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের নিয়ে এই একই প্রশিক্ষণ শিবির হবে।

কেমপারিতে গ্রেফতার দুই

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

একটি কেপমারির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রামপুরহাটের ঘটনা। পুলিশ জানায়, ধৃত আওলা শঙ্কর এবং চান্টি দাসের বাড়ি ওড়িষার গঞ্জাম জেলার আসকা থানা এলাকায়। সোমবার ধৃতদের রামপুরহাট আদালতে হাজির করানো হবে। পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রামপুরহাটের মহাজনপট্টি এলাকার বাসিন্দা মোহন প্রামাণিক রামপুরহাট গাঁধী পার্ক লাগোয়া একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৩৯ হাজার টাকা তুলেছিলেন। টাকা তুলে নিজের স্কুটির ডিকিতে রেখে রাস্তার ধারে গাড়ি লাগিয়ে তিনি জাম কিনতে চলে যান। জাম কিনে স্কুটির কাছে ফিরে তিনি টাকা সমতে ব্যাগটি আর দেখতে পাননি বলে দাবি করেছেন। ওই দিন দুপুরেই রামপুরহাট থানায় তিনি অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। শনিবার সকালে ডাকবাংলা মোড় সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাদের থানায় নিয়ে আসে। পুলিশের দাবি, জেরায় চাপ দিতেই তাঁরা শুক্রবারের কেপমারির কথা স্বীকার করে দেনয়। এসডিপিও (রামপুরহাট) কোটেশ্বর রাও জানান, ধৃতেরা তারাপিঠের একটি হোটেলে পরিচয়পত্র দেখিয়ে বুধবার থেকে ডেরা নিয়েছিল। তাদের আরও দুই সঙ্গী রয়েছে। তাদের খোঁজ চলছে। ওই হোটেলের ঘরে কেপমারি করা ৩৯ হাজার টাকা পুলিশ উদ্ধার করেছে। একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়েছে।

রাস্তা থেকে দুই শিশু উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • বলরামপুর

উদ্ধার হওয়া দু’জন।—নিজস্ব চিত্র

গ্রামের রাস্তায় দু’টি শিশুকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের উদ্ধার করে নিয়ে গেল পুলিশ। রবিবার দুপুরে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের ধারে বলরামপুর থানা এলাকার নামশোল গ্রামে তাদের দেখতে পাওয়া যায়। খবর যায় পুলিশের কাছে। পুলিশ জানিয়েছে, শিশুরা হল চার বছরের ঝুমা বাউরি ও বছর তিনেকের সোমা বাউরি। ওদের সঙ্গে কেউ ছিল না। পুলিশ প্রথমে দুই শিশুকে থানায় নিয়ে যায়। তখন তারা নিজেদের ওই নামই পুলিশকে জানিয়েছে। পুলিশের এক আধিকারিক বলেন, “দু’জনেই খুব ক্ষুধার্ত ছিল। তাদের ভাত ও বিস্কুট খাওয়ানো হয়। শিশুরা জানিয়েছে, তারা দুই বোন মায়ের সঙ্গে বেরিয়েছিল। কোনও একটি রেল স্টেশন থেকে তারা মায়ের সঙ্গ ছাড়া হয়ে যায়। তারা জানিয়েছে, নডিহাতে তাদের বাড়ি। কিন্তু জেলায় ওই নামের একাধিক জায়গা থাকায় ধন্দে পড়ে গিয়েছে পুলিশ। এ দিনই পুলিশ দুই শিশুকে চাইল্ড লাইনের হাতে তুলে দেয়। চাইল্ড লাইনের এক কর্মী দীপঙ্কর সরকার জানান, “শিশু দু’টি আমাদের কিছু বলতে চাইছে না। শুধু ঘুমোতে চাইছে। আমরা আপাতত তাদের একটি হোমে পাঠিয়েছি।”

কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ রামপুরহাটে

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

‘নিজ ভূমি নিজ গৃহ’ প্রকল্পে ভূমিহীন গরিব মানুষদের বাড়ি তৈরিতে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তুলল কংগ্রেস। অবিলম্বে ওই প্রকল্পে সুবিধা প্রাপকদের বাড়ি নির্মাণ করে দেওয়ার পাশাপাশি দারিদ্রসীমার নীচে বসবাসকারী বস্তিবাসীদের বিনামূল্যে বাড়িতে বাড়িতে পানীয় জলপ্রকল্পের সংযোগ দেওয়ার দাবিও তারা তুলেছে। রবিবার রামপুরহাট ১৪ নম্বর ওয়ার্ডের সব্জী বাজারে এ নিয়ে পোস্টার সাঁটিয়েছে ১৪ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি। ওই ওয়ার্ডের বাসিন্দা শাহাজাদা হুসেন কিনু, অমিত দাস, পিন্টার শেখদের অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলর প্রতিশ্রুতি মতো কাজ করছেন না। ওয়ার্ডের সব্জি বাজার থেকে জটাধারী তলা পর্যন্ত ঢালাই রাস্তা তৈরিতেও তিনি উদ্যোগ নিচ্ছেন না। কাউন্সিলর বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে প্রকৃত গরিবদের বঞ্চিত করা হচ্ছে। ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের কবিতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, “রাজীব আবাস যোজনা গরিব গৃহহীনদের বাড়ি নির্মাণ প্রকল্পে এলাকায় ইতিমধ্যে সার্ভে হয়েছে। বস্তি এলাকায় জলের সংযোগ দেওয়ার কাজও চলছে। জটাধারী তলা থেকে সব্জিবাজার পর্যন্ত রাস্তা তৈরির স্কিম ইতিমধ্যে পুরসভায় জমা পড়েছে।” তাঁর অভিযোগ, “রাজনৈতিক ফায়দা লুঠতেই কংগ্রেস আন্দোলনের নাটক করছে।”

বাড়িতে বোমা বিস্ফোরণ, মৃত

নিজস্ব সংবাদদাতা • নানুর

তৃণমূল সমর্থকের বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক বহিরাগত যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সেখ মঞ্জুর ( ৩৫)। বাড়ি বর্ধমান জেলার রাউন্দি গ্রামে। শনিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ বিস্ফোরণটি ঘটে নানুরের কাফেরপুর গ্রামে তৃণমূল সমর্থক নজরুল মোল্লার বাড়িতে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঞ্জুর ছিল নজরুল মোল্লার আত্মীয়। এ দিন সকালে এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশের গ্রেফতারির ভয়ে অধিকাংশ পুরুষই গ্রাম ছাড়া। মহিলারা কেউ মুখ খুলছেন না। নজরুল মোল্লার নির্মীয়মাণ বাড়ির একটি ঘরের দেওয়ালে বিস্ফোরণের চিহ্ন। মাটিতে রক্তের দাগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, নজরুলের এক আত্মীয় হুড়মুদ মোল্লাকে দিন দশেক আগে স্থানীয় কয়েকজন ব্যক্তি বেধড়ক মারধর করে। এখন তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মারের বদলা নিতেই বোমা বাঁধা হচ্ছিল। স্থানীয় দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের জেলা কমিটি সদস্য অশোক ঘোষ অবশ্য বলেন, “ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। নিছক গ্রাম্য বিবাদের জেরেই ঘটনা ঘটেছে বলে শুনেছি।” পুলিশ জানিয়েছে, কেন বোমা বাঁধা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। খোঁজ চলছে নজরুল মোল্লার।

মৎস্য চাষি দিবস

নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর

মৎস্য চাষে উৎসাহ দিতে শনিবার আলোচনা সভা হল ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। ৪৩ জন মাছ ব্যবসায়ীকে বৈজ্ঞানিক এবং স্বাস্থ্য সম্মত ভাবে মাছ বিক্রির জন্য ‘আইস বক্স’ দেওয়া হবে বলে জানান বিডিও বিশ্বনাথ চক্রবর্তী। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ২৫ জন মাছ চাষিকে তাদের প্রশিক্ষণ ভাতা-সহ মানপত্র দেওয়া হয়। ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিক মিন্টুচন্দ্র সাহা। কৃষক দিবস উপলক্ষে এক চাষিকে ব্লকের শ্রেষ্ঠ চাষির সম্মানও দেওয়া হয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দেওয়া হয়।

পোস্ত চাষ, ধৃত

নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল

অবৈধ পোস্ত কারবারে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় আসরফ খান নামে ওই যুবককে খয়রাশোলের আমলাকুঁড়ি গ্রাম থেকে ধরা হয়েছে। ধৃতের বাড়ি ওই থানা এলাকার কুড়ালজুড়ি গ্রামে। পুলিশের দাবি, আমলাকুড়ি গ্রামের দিলীপ ঘোষের বাড়ি থেকে পোস্তর আঁঠার কারবার চলত। সেখানেই শনিবার হাজির হয়েছিল আসরাফ। তখনই পুলিশ অভিযান চালায়। দিলীপ ঘোষ ও অন্য দুই সঙ্গী পালিয়ে গেলেও আসরাফ পুলিশের হাতে ধরা পড়ে। ঘটনাস্থল থেকে প্রায় ২ কেজি পোস্ত আঁঠা উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই আঁঠা থেকে আফিম ও হেরোইনের মতো নিষিদ্ধ মাদক দ্রব্য প্রস্তুত করা হয়।

বিশ্বভারতীর কর্মশালা

নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন

জাতীয় সেবা প্রকল্পের অঙ্গ হিসাবে পড়ুয়াদের মধ্যে রক্তদানে উৎসাহ দিতে তিন দিনের একটি কর্মশালা শুরু করল বিশ্বভারতী। বিশ্ববিদ্যালয়ের সেবা প্রকল্প ইউনিটের উদ্যোগে শনিবার বিকাল থেকে উত্তর শিক্ষা সদনে শুরু হয় কর্মশালাটি। ছাত্র-ছাত্রীদের রক্তদানের উপকারিতা, প্রয়োজনীয়তা সম্পর্কে বলছেন বিশেষজ্ঞরা। ইউনিটের পক্ষে মল্লিক দাস এবং রুই দাস জানান, কয়েক শ’ পড়ুয়া অংশ গ্রহণ করেছেন এই কর্মসূচিতে। তাঁদের রক্তদান সম্পর্কিত ভীতি কাটাতে, রক্তদানের প্রবণতা বাড়ানোর পাশাপাশি এলাকায় জন সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মশালাটি চলবে সোমবার পর্যন্ত।

স্কুলের সাইট

নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম

ওয়েবসাইটের মধ্যে নিজেদের স্কুলের শিক্ষার মান, পড়ুয়াদের দৃষ্টিভঙ্গি, স্কুল এবং স্কুলের পাঠক্রম সম্বন্ধে বাইরের মানুষকে জানাতে স্কুলের শিক্ষকদের চেষ্টায় স্কুলে ওয়েবসাইট চালু হয়েছিল। রবিবার, মাড়গ্রাম ডক্টর কুদরত-ই-খুদা প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ওই ওয়েবসাইটের উদ্বোধন করলেন রামপুরহাট পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আবুল হাসান। এ দিন স্কুলের ছাত্রছাত্রীদের বার্ষিক পুরস্কারও প্রদান করা হয়।

হুড়ায় ইন্দিরা আবাসের টাকা লুঠ, অভিযোগ

ইন্দিরা আবাস যোজনায় উপভোক্তাদের টাকা ব্যাঙ্ক থেকে তুলে ফেরার পথে ছিনতাইবাজদের কবলে পড়ার অভিযোগ উঠল পুরুলিয়া-বাঁকুড়া (৬০-এ) জাতীয় সড়কের উপর হুড়ার লালপুর মোড়ে। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুড়া ব্লকের আমলাতোড়া কৃষি সমবায় সমিতির ম্যানেজার সুধীর মাহাতো শনিবার পুরুলিয়া শহরে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক থেকে পাঁচ লক্ষ টাকা তুলে বাসে চাপেন। লালপুর মোড়ে তিনি নেমে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরবাইকে দু’জন এসে তাঁর কাঁধ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। রবিবার তিনি বলেন, “প্রথমে ভেবেছিলাম আমার ব্যাগটা কোনও ভাবে ওদের বাইকে আটকে গিয়েছে। ভুল ভাঙল ওরা যখন ব্যাগটা টেনে নিয়ে হুড়ার দিকে তীব্র গতিতে উধাও হয়ে যাওয়ার পরে।” তিনি জানান, আগেও এ ভাবে পুরুলিয়া থেকে টাকা তুলে একা একা তিনি ফিরেছেন। কিন্তু এ দিনের মতো ঘটনা কখনও ঘটেনি। তাঁকে পুরুলিয়া থেকে দুষ্কৃতীরা যে অনুসরণ করেছিল তা তিনি বুঝতে পারেননি। শনিবারই তিনি ছিনতাইয়ের ঘটনা থানায় লিখিত ভাবে জানিয়েছেন। ওই সমবায় সমিতির সভাপতি ভক্তিপদ মাহাতো বলেন, “বিষয়টি নিয়ে আমরা বৈঠক করব।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভাড়াবৃদ্ধির প্রতিবাদে মিছিল

রেলভাড়া বৃদ্ধির প্রতিবাদে শনিবার বিকেলে পুরুলিয়া স্টেশনে প্রতিবাদ সভা করল এসইউসি এবং সিপিএম। এ দিন এই প্রতিবাদ সভার আগে দুই দলই শহরে বিক্ষোভ মিছিল করে। সিপিএমের পুরুলিয়া শহর জোনাল কমিটির সম্পাদক কৌশিক মজুমদার বলেন, “রেলের এই ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের উপর বোঝা চাপানো ছাড়া আর কিছুই নয়। এই ভাড়া বৃদ্ধির প্রভাব বিভিন্ন ক্ষেত্রের উপরে পড়বে। সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।” উপস্থিত ছিলেন পুরুলিয়ার প্রাক্তন বিধায়ক নিখিল মুখোপাধ্যায়। অন্য দিকে, এসইউসি-র জেলা কমিটির সদস্য রঙ্গলাল কুমার বলেন, “আমরা দেখলাম ক্ষমতায় বসার এক মাসের মধ্যে দাম কমানোর নামে এই সরকার কয়েক গুণ রেলের ভাড়া বাড়িয়ে দিল। এই ভাড়া বৃদ্ধির প্রভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে। ভাড়া বাড়ানোর নামে এই পরিমাণ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জনবিরোধী।”

বধূ নির্যাতনে গ্রেফতার স্বামী

এক বধূকে নির্যাতন করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। খাতড়া থানার রূপাহিড় গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, লতিকা হেমব্রম নামে ওই গ্রামের এক বধূ শনিবার রাতে থানায় অভিযোগ করেন। প্রায় পাঁচ বছর আগে তাঁর বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে স্বামী তাঁর উপরে অত্যাচার চালাচ্ছেন বলে অভিযোগ। মাসখানেক আগে স্বামী তাঁকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। শনিবার তিনি স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাতেই বধূটির স্বামী বিশ্বনাথ হেমব্রমকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ

দেহ উদ্ধার

একটি ক্লাবঘর থেকে এক প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল মহিষাদল থানা এলাকার একতারপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতা সন্ধ্যা মান্নার (৫০) বাড়ি ওই গ্রামেই। রবিবার সকালে পুলিশ ক্লাবঘর থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে। তবে মৃতার পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy