গরমে সাময়িক স্বস্তি মিলল কলকাতায়। শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি নামল শহরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:
শুক্রবার সকাল থেকেই চড়া রোদ ছিল কলকাতার আকাশে। বেলা গড়াতেই শহরবাসী গলদঘর্ম। সন্ধ্যার পর অবশেষে স্বস্তি মিলল।
বৃহস্পতিবার বিকেলের পরও কলকাতা এবং বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়েছিল। যার জেরে সন্ধ্যার পর অস্বস্তিকর গরম থেকে সাময়িক স্বস্তি পেয়েছিলেন সকলে। তবে শুক্রবার সকাল থেকেই আবার অস্বস্তিকর গরমের প্রত্যাবর্তন ঘটে। আলিপুর জানিয়েছে, বৃষ্টি হলেও আপাতত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে।
আরও পড়ুন:
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।