দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টি তুলনামূলক বেশি হচ্ছে দক্ষিণবঙ্গের তুলনায়। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।
মঙ্গলবার কলকাতার আকাশ মোটের উপর মেঘলাই থাকবে। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এ দিন কলকাতায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নদিয়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হাওয়ার গতি থাকতে পারে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রয়েছে হলদু সতর্কতা।
উত্তরবঙ্গের তুলনায় বৃষ্টি কম হলেও আগামী কয়েক দিন দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বেশি ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়াতেও। শুক্রবার থেকে উপকূলীয় দুই জেলাতেও বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
অন্য দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সাত দিন সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিঙেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একেবারে উত্তরের এই পাঁচ জেলাতেই মূলত বেশি বৃষ্টি হবে আগামী সাত দিন। প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে। আগামী শনিবার এবং রবিবার উত্তরের এই পাঁচ জেলাতেই প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও আগামী সাত দিন ঝড়বৃষ্টি চলবে। ঝড়বৃষ্টি চললেও রাজ্যে আগামী কয়েক দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।