E-Paper

বিভাগীয় ইন্টারভিউ নেবেন ভিন্ রাজ্যের ‘সিনিয়র’ চিকিৎসকেরা

রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ থেকে বদলি কিংবা বিভাগীয় পদোন্নতি, সবেতেই স্বজনপোষণ এবং বেনিয়ম, দুর্নীতির অভিযোগ দীর্ঘ দিনের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৯:২৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিভাগীয় পদোন্নতির ইন্টারভিউ নেবেন না রাজ্যের কোনও সিনিয়র চিকিৎসক বা স্বাস্থ্য কর্তা। এ বার থেকে সেই ইন্টারভিউ নিতে আসবেন ভিন্‌ রাজ্যের খ্যাতনামা চিকিৎসা প্রতিষ্ঠানগুলির ‘সিনিয়র’ চিকিৎসকেরা। পাশাপাশি, মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন পরিচালনায় নিয়োগ হবেন নির্দিষ্ট আধিকারিক। বুধবার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে প্রথম বৈঠকেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ থেকে বদলি কিংবা বিভাগীয় পদোন্নতি, সবেতেই স্বজনপোষণ এবং বেনিয়ম, দুর্নীতির অভিযোগ দীর্ঘ দিনের। চিকিৎসকদের বিভিন্ন সংগঠন একাধিকবার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সেই সূত্রেই এ বার পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখতে ভিন্‌ রাজ্য থেকে পরীক্ষক আনার পদক্ষেপ স্বাস্থ্য দফতর শুরু করছে বলেই মনে করছেন চিকিৎসকেরা। গত মার্চে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পদোন্নতির ইন্টারভিউ হয়ে প্যানেল তৈরি হয়েছিল। সেই সময় পুরো প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছিলেন চিকিৎসকের একাংশ।

অন্য কোনও বিভাগের প্যানেল প্রকাশিত না হলেও নির্বাচন ঘোষণার আগে তড়িঘড়ি শুধু অপথ্যালমোলজি ও রেডিয়োলজি বিভাগের প্রফেসর পদে পদোন্নতির ফলাফল বেরিয়ে ছিল।

বুধবার সকালে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা নির্দেশিকা জারি করে আগের ইন্টারভিউয়ের ভিত্তিতে তৈরি হওয়া প্যানেল বাতিল করে নতুন করে বিভাগীয় পদোন্নতির প্রক্রিয়ার নির্দেশিকা জারি করেছেন। তবে প্যানেল বাতিল করলেও যে দু’টি বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছিল তার ক্ষেত্রে কী করা হবে তা স্পষ্ট নয় বলেই দাবি সরকারি চিকিৎসকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব হেল্‌থ সার্ভিস ডক্টর্স’-এর।

সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কী কারণে আগের প্যানেল বাতিল করা হল সেটা স্পষ্ট নয়। নিশ্চয় নেপথ্যে কোনও স্বজনপোষণ ও দুর্নীতির বিষয় রয়েছে। তাতে কে বা কারা জড়িত সেটা প্রকাশ্যে আনা প্রয়োজন। এ বিষয়ে মুখ্যসচিবকেচিঠি পাঠিয়েছি।’’

বহু চিকিৎসকের ক্ষেত্রেই দীর্ঘ বছর ধরে পোস্টিং এক জায়গায় হলেও তিনি কাজ করছেন অন্যত্র। সূত্রের খবর, এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অবিলম্বে ওই সব ‘ডিটেলমেন্ট পোস্টিং’ খতিয়ে দেখে পদক্ষেপকরা হবে।

পাশাপাশি, স্থির হয়েছে মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনে নির্দিষ্ট ভাবে একজন চিফ ইলেক্টোরাল অফিসার নিয়োগ করে তাঁর তত্ত্বাবধানেই নির্বাচন পরিচালনা করা হবে। দফতরেরএক কর্তা বলেন, ‘‘আগের জমানার ‘রাজনৈতিক প্রতিহিংসার বদলি’ পুনরায় বিবেচনা করে দেখা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Swasthya Bhaban

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy