অবশেষে পুলিশের জালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরীর এক হোটেল থেকে তাঁকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। আটক করার পর তাঁকে কলকাতায় নিয়ে আসা তোড়জোড় শুরু হয়েছে।
সম্প্রতি বিষ্ণুপুরের বিধায়কের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। অভিযোগ, ওই ভিডিয়োয় অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেছেন দিলীপ। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে।
হুমকির অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তের স্বার্থেই গত ১৪ মে পৈলানে তাঁর প্রাসাদোপম বাড়িতে হানা দেওয়া হয়। কিন্তু বাড়িতে তাঁর খোঁজ মেলেনি। স্থানীয় সূত্রে খবর, পুলিশ আসার খবর পেয়েই বাড়ি ছেড়ে পালিয়ে যান। তার পর থেকেই গা ঢাকা দিয়ে ছিলেন দিলীপ। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। কিন্তু তিনি কোথায় আস্তানা গেঁড়েছেন, তার হদিস পাওয়া যাচ্ছিল না। তবে সূত্রের খবর, দিন দুয়েক আগে রাজ্য পুলিশের এসটিএফ জানতে পারে পুরীর এক হোটেলে রয়েছেন দিলীপ। সেই সূত্র ধরে পুরীর ওই হোটেলে হানা দেয় এসটিএফ এবং ডায়মন্ড হারবার পুলিশ। হোটেলে গিয়ে সেখানকার রেজিস্ট্রার দেখে দিলীপের উপস্থিতি নিশ্চিত করা হয়। তার পরেই তাঁর ঘরে হানা দিয়ে দিলীপকে আটক করে পুলিশ।
(এই খবরটি সবে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কিছু ক্ষণের মধ্যে আসছে। পাতাটি কিছু ক্ষণ পর পর ‘রিফ্রেশ’ করলে আপনি সর্বশেষ খবর দেখতে পাবেন। দ্রুত খবর পৌঁছে দেওয়ার সময়েও আমাদের তথ্যের সত্যাসত্য সম্পর্কে সচেতন থাকতে হয়। সে জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর সেটি সম্পর্কে নিশ্চিত না-হয়ে আমরা তা প্রকাশ করি না। ‘ফেক নিউজ়’ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এই পদ্ধতি আরও জরুরি)