Advertisement
E-Paper

আর বৃষ্টি নয়, এ বার বাড়বে গরম! দক্ষিণবঙ্গ জুড়ে চার ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস, উত্তরে ভারী বর্ষণ

রবিবারও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে সোমবার থেকে সব জেলায় বৃষ্টির সম্ভাবনা কমেছে। আগামী সাত দিন কোথাও ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১২:১১
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়তে শুরু করেছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়তে শুরু করেছে। —ফাইল চিত্র।

দক্ষিণবঙ্গে আর বৃষ্টি নয়। এ বার গরম বৃদ্ধির পালা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণের কোনও জেলাতেই আর তেমন ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে চার ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে। তবে উত্তরবঙ্গে পরিস্থিতি বিপরীত। সেখানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রবিবারও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে সোমবার থেকে সব জেলায় বৃষ্টির সম্ভাবনা কমেছে। আগামী সাত দিন কোথাও ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে কখনও কখনও দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা সর্বত্রই রয়েছে। তাতে গরম কমবে না। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে কোচবিহার এবং আলিপুরদুয়ারেও। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। সেই সঙ্গে এই সমস্ত জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী রবিবার পর্যন্ত। সপ্তাহান্তে দুর্যোগ আরও বাড়বে। উত্তরবঙ্গে আগামী চার দিনে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। তার পরের দু’দিনে পারদ দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি কম। এল নিনোর প্রভাবে এ বছর সারা দেশেই বর্ষায় বৃষ্টিতে ঘাটতির সম্ভাবনা রয়েছে।

West Bengal Weather Weather Alert Weather Today Weather Forecast Kolkata Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy