Advertisement
E-Paper

রাজ্যের ৯ ধরনের শীর্ষপদে ২০ শতাংশ অতিরিক্ত পদ সৃষ্টির দ্বিতীয় বিজ্ঞপ্তি জারি, মমতার ঘোষণা কার্যকর করল নবান্ন

পশ্চিমবঙ্গ সরকারের ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিস’ বা রাজ্য ক্যাডার সার্ভিসের আধিকারিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে অতিরিক্ত পদ সৃষ্টির সিদ্ধান্তে সিলমোহর দিয়ে অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করেছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৪
The state government gave official recognition to CM Mamata Banerjee’s announcement by issuing notifications for eight \\\\\\\'State Constituted Services\\\\\\\'

বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে মমতার ঘোষণাকে সরকারি স্বীকৃতি দিল রাজ্য সরকার। —ফাইল চিত্র।

মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে’-এর দীর্ঘ দিনের দাবিকে মান্যতা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে’র অংশ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এগ্‌জ়িকিউটিভ) অফিসারদের পদোন্নতি সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ সংশোধনের কথা ঘোষণা করেছিল বিজ্ঞপ্তি দিয়ে। আর বৃহস্পতিবার আরও ৮টি ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে’-এর জন্য বিজ্ঞপ্তি জারি করে মমতার ঘোষণাকে সরকারি স্বীকৃতি দিল রাজ্য সরকার।

রাজ্য প্রশাসনে অভিজ্ঞ আধিকারিকদের উচ্চতর দায়িত্বে নিয়োগ নিশ্চিত করতে এবং বিভিন্ন ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে’র মধ্যে সমতা আনতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের ৪৬টি দফতরের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

পশ্চিমবঙ্গ সরকারের ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিস’ বা রাজ্য ক্যাডার সার্ভিসের আধিকারিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে অতিরিক্ত পদ সৃষ্টির সিদ্ধান্তে সিলমোহর দিয়ে অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন দফতরের অধীনে থাকা নির্দিষ্ট পরিষেবাগুলিতে ২০ শতাংশ অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছে। এর ফলে মূলত পে-লেভেল ২১ এবং পে-লেভেল ২৪-এর (রোপা, ২০১৯ অনুযায়ী) ক্ষেত্রে পদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত তালিকা অনুযায়ী এই সুবিধা পাবে, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস: আবগারি ডিরেক্টরেট, স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন এবং কমার্শিয়াল ট্যাক্স বিভাগ, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস: এখানে পে-লেভেল ২১-এ ৫০টি এবং পে-লেভেল ২৪-এ ২৬টি অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছে। এ ছাড়াও কো-অপারেটিভ সার্ভিস, লেবার সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস এবং লিগ্যাল সার্ভিসের ক্ষেত্রেও পদ সংখ্যা বাড়ানো হয়েছে। এ ছাড়াও, তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে থাকা ‘ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন অ্যান্ড কালচার সার্ভিস’-এর ক্ষেত্রে পে-লেভেল ১৯-এ ৩০ শতাংশ অর্থাৎ ৭টি অতিরিক্ত পদ সৃষ্টির কথা বলা হয়েছে।

নবান্ন স্পষ্ট করে জানিয়েছে যে, এই অতিরিক্ত পদ সৃষ্টির ফলে সংশ্লিষ্ট পরিষেবাগুলির সামগ্রিক ‘ক্যাডার স্ট্রেন্থ’ বা মোট কর্মী সংখ্যা অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট ক্যাডার কন্ট্রোলিং অথরিটি তাদের ক্যাডার শিডিউলে প্রয়োজনীয় সমন্বয় করে নেবে। পে-লেভেল ১৯, ২১ এবং ২৪-এ পদোন্নতির ক্ষেত্রে বর্তমান নিয়মাবলীই কার্যকর থাকবে। অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট দফতরগুলিকে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য বিস্তারিত নির্দেশিকা জারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপের ফলে দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা আধিকারিকরা স্বস্তির নিশ্বাস ফেলেছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy