ভোট-পরবর্তী হিংসা অব্যাহত জলপাইগুড়িতে। ধূপগুড়ির এক কৃষকের ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির।
সূত্রের খবর, মাগুরমারি ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব আলতা গ্ৰামের বাসিন্দা মোস্তাফা আলি তাঁর চাষের জমিতে গাছ লাগিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে দেখেন বেশ কিছু গাছ নেতিয়ে পড়েছে। ভাল করে দেখতে গিয়ে লক্ষ্য করেন বেশ কিছু গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে মোস্তফা বলেন, ‘‘জমিতে গাছ লাগিয়েছিলাম। কিন্তু সকালে এসে দেখি প্রায় ৫০টা গাছের গোড়া কেটে ফেলা হয়েছে। বাঁশ, রাসায়নিক সার-সহ প্রায় ৫ হাজার টাকা জমিতে খরচ হয়েছে।’’
স্থানীয় পঞ্চায়েত সদস্য খয়বর রহমান বলেন, ‘‘গাছের গোড়া কেটে দেওয়া নিন্দনীয় ঘটনা। বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি এই কাজ করেছে। তারা গণতান্ত্রিকভাবে না জিততে পেরে এখন হিংসার আশ্রয় নিয়েছে। রাতের অন্ধকারে এই জঘন্য কাজ করেছে তারা।’’
যদিও স্থানীয় বিজেপি নেতা রণ ঘোষ বলেন, ‘‘এটা মিথ্যা অভিযোগ। বিজেপি কোনওভাবে এই ধরনের কাজ করতে পারে না। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তাদের লোকেরাই এটা করেছে।’’