Advertisement
E-Paper

রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল সিংহের মনোনয়ন নিয়ে আপত্তি, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বিজেপিপ্রার্থী বিশ্বজিৎ (রাহুল) সিংহের মনোনয়নপত্র নিয়ে একাধিক গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৪:৫৭
TMC has objected to the nomination of BJP candidate Rahul Sinha in the Rajya Sabha elections, tmc has complained to the Election Commission d

(বাঁ দিকে) রাহুল সিংহ, অরূপ বিশ্বাস (ডান দিকে)। —ফাইল চিত্র।

রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিপ্রার্থী বিশ্বজিৎ (রাহুল) সিংহের মনোনয়নপত্র নিয়ে একাধিক গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। এই বিষয়ে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস একটি বিস্তারিত অভিযোগপত্র পাঠিয়েছেন নির্বাচন কমিশনকে।

ওই অভিযোগপত্রে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপিপ্রার্থী রাহুলের মনোনয়নপত্র যাচাইয়ের সময় গুরুতর প্রক্রিয়াগত ত্রুটি ও অসঙ্গতি দেখা গিয়েছে। গত ৫ মার্চ তিনি মনোনয়নপত্রের সঙ্গে বাধ্যতামূলক হলফনামা (ফর্ম-২৬) জমা দেন। প্রাথমিক পর্যবেক্ষণে রিটার্নিং অফিসার কিছু ত্রুটি চিহ্নিত করে একটি ‘চেকলিস্ট’ও দেন বলে অভিযোগ। অরূপের আরও দাবি, ওই সময় হলফনামার বেশ কিছু ‘বক্স’ অসম্পূর্ণ ছিল এবং তা উপস্থিত ব্যক্তিদের সামনেই উল্লেখ করা হয়। কিন্তু পরে যখন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে হলফনামাটি আপলোড করা হয়, তখন দেখা যায় বেশিরভাগ ‘বক্স’ পূরণ করা হয়েছে অথবা ‘নট অ্যাপলিকেবল’ লেখা হয়েছে। এতে সন্দেহ তৈরি হয়েছে যে, পরে সংশোধিত হলফনামা জমা দেওয়া হয়েছে!

অভিযোগে মন্ত্রী অরূপ জানিয়েছেন, যাচাই প্রক্রিয়ার সময় বেশ কয়েক জন অনুমোদিত প্রতিনিধি হলফনামার অসঙ্গতি নিয়ে আপত্তি জানাতে চাইলে রিটার্নিং অফিসার তাঁদের বক্তব্য শোনেননি। বরং পরে লিখিত ভাবে আপত্তি জানাতে বলা হয়। অথচ সেই সময়েই মনোনয়ন যাচাইয়ের সিদ্ধান্ত হয়ে যায়। তাঁর আরও দাবি, রাহুলের হলফনামায় আয়কর সংক্রান্ত তথ্য, ফৌজদারি মামলার ঘোষণা, সম্পত্তির বিবরণ, বিনিয়োগের তথ্য এবং যানবাহনের বিবরণ সহ একাধিক ক্ষেত্রে অসম্পূর্ণ বা পরস্পরবিরোধী তথ্য রয়েছে। কোথাও মোট সম্পত্তির পরিমাণ ‘শূন্য’ দেখানো হলেও আগের অংশে সম্পদের উল্লেখ রয়েছে বলেও অভিযোগ।

এ ছাড়া রাহুলের স্ত্রীর নামে ঋণের উল্লেখ থাকলেও তার সঙ্গে সম্পর্কিত সম্পত্তির বিবরণ দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে সম্পদের মূল্য এবং বাজার মূল্যের মধ্যে বড় ধরনের অমিলের কথাও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। তৃণমূল তাদের অভিযোগে উল্লেখ করেছে যে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ‘রিসার্জেন্স ইন্ডিয়া ভার্সেস নির্বাচন কমিশন’-এর মামলা অনুযায়ী প্রার্থীর হলফনামার কোনও ‘বক্স’ ফাঁকা রাখা বা অসম্পূর্ণ তথ্য দেওয়া চলবে না। ভোটারদের প্রার্থীর সম্পূর্ণ তথ্য জানার অধিকার রয়েছে এবং সেটি সংবিধানের মতপ্রকাশের অধিকারের সঙ্গে যুক্ত।

এমন পরিস্থিতিতে তৃণমূলের দাবি, রাহুলের মনোনয়ন যাচাইয়ের পুরো প্রক্রিয়াটিই প্রশ্নের মুখে পড়েছে এবং তা আইন অনুযায়ী বাতিল করা হোক। নির্বাচন কমিশনের কাছে মন্ত্রী অনুরোধ করেছেন যে, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হোক।

Rajya sabha Election 2026 Rajya Sabha BJP Candidate Rahul Sinha Aroop Biswas TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy