Advertisement
E-Paper

চাকরি কিনতে শান্তনুকে এক কোটি ৪০ লক্ষ টাকা দেওয়া ‘গুণধর’ তৃণমূল নেতা গেলেন ইডি দফতরে

ইডির দাবি, হুগলির এই নেতার কাছ থেকেই চাকরি বিক্রি করতে ১ কোটি ৪০ লক্ষ টাকা নেন শান্তনু। ২৬ জন প্রার্থীর জন্য গুণধর ১ কোটি ৪০ লক্ষ টাকা শান্তনুকে দিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৫:৫৯
TMC leader Gunadhar Khanra who allegedly paid money to Santanu Banerjee appeared in ED office

‘গুণধর’ তৃণমূল নেতা গেলেন ইডি দফতরে। ফাইল চিত্র।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত, অধুনা ইডির হাতে ধৃত যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে চাকরি কিনতে টাকা দেওয়ার অভিযোগ তৃণমূলের এই নেতার বিরুদ্ধে। সেই নেতা তথা আরামবাগ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি গুণধর খাঁড়া বৃহস্পতিবার কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে হাজিরা দিলেন। বুধবারই ইডির মামলায় শান্তনুকে নগর দায়রা আদালতে তোলা হয়। সেখানে ইডির তরফে দাবি করা হয়, ২৬ জনকে ঘুরপথে চাকরি পাইয়ে দিতে ১ কোটি ৪০ লক্ষ টাকা নিয়েছেন শান্তনু। শান্তনুর আইনজীবী অবশ্য সেই দাবি নস্যাৎ করে দেন।

ইডির দাবি, হুগলির এই তৃণমূল নেতার কাছ থেকেই চাকরি বিক্রি করতে ১ কোটি ৪০ লক্ষ টাকা নেন শান্তনু। ২৬ জন প্রার্থীর জন্য গুণধর ১ কোটি ৪০ লক্ষ টাকা শান্তনুকে দিয়েছিলেন বলে ইডির তদন্তে উঠে এসেছে। চলতি সপ্তাহেই ইডির মুখোমুখি হয়েছিলেন গুণধর। বৃহস্পতিবার নথি নিয়ে ইডি দফতরে আবার তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল।

প্রায় দেড় কোটি টাকা নিয়েও শান্তনু চাকরি করে দেননি বলে গুণধরের অভিযোগ। শান্তনু গ্রেফতার হওয়ার আগে থেকেই নাকি গুণধরের দেওয়া তালিকায় অনেকের চাকরি না হওয়ার বিষয়ে শান্তনুর সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেছিলেন গুণধর। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ গুণধরের। যদিও শান্তনু টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন এবং তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন বলে ইডি সূত্রে খবর।

ইডির দাবি, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে চাকরির জন্য গুণধর শান্তনুকে টাকা দিয়েছিলেন বলে বয়ানে উঠে এসেছে। দু’টি ক্ষেত্রে চাকরির দর ছিল ভিন্ন। স্কুলে চাকরির জন্য কখনও ১০ লক্ষ টাকা কখনও বা তার থেকে বেশি দাম চাওয়া হয়েছিল বলে দাবি। গুণধর প্রাইমারিতে চাকরির জন্য ৭ জন এবং আপার প্রাইমারিতে ১৯ জন প্রার্থীর জন্য শান্তনুকে টাকা দিয়েছিলেন বলে ইডি সূত্রে খবর। একটি সূত্রের দাবি, গুণধর তাঁর আত্মীয় এবং ঘনিষ্ঠ কয়েক জনের চাকরির জন্য শান্তনুকে টাকা দিয়েছিলেন।

পরে কলকাতা হাই কোর্ট ২৬৯ জনের নিয়োগ বাতিলের যে নির্দেশ দেন, তাতে গুণধরের দুই মেয়ের নাম রয়েছে বলেও শোনা যায়। জানুয়ারি মাসে হুগলির বলাগড়ে শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ জনের তালিকা উদ্ধার করে ইডি। যার মধ্যে বেশ কয়েক জনের চাকরি হয়েছে বলেও ইডির দাবি। এ বার ওই তালিকা ছাড়া আরও ২৬ জনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ শান্তনুর বিরুদ্ধে।

গত ১০ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন হুগলির প্রাক্তন তৃণমূল যুবনেতা (অধুনা দল থেকে বহিষ্কৃত) শান্তনু। রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কর্মী শান্তনু কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বলে দাবি করে ইডি। ইডির অভিযোগ, সরকারি চাকরি বিক্রি করেই এত টাকা আয় করছেন শান্তনু। ধৃত শান্তনুর পিছনে কে বা কারা ছিলেন, চাকরি বিক্রি করার টাকা শান্তনুর কাছ থেকে কী ভাবে আসত, তা খুঁজে বার করার চেষ্টা করছে ইডি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy