ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে নিয়ে গিয়ে ৩১ নম্বর ওয়ার্ডে তাঁর দফতরে তল্লাশি চালাল পুলিশ। রবিবার দুপুরে সেই দফতর থেকে বেরোনোর সময়ে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। দ্রুত পুলিশ তাঁকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে যায়। তোলাবাজির অভিযোগে সব্যসাচীকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ১টা নাগাদ বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচীকে ৩১ নম্বর ওয়ার্ডে তাঁর দফতরে নিয়ে গিয়েছিল পুলিশ। ওই ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলেন তিনি। সেখানে তাঁর উপস্থিতিতে কার্যালয়ে তল্লাশি চালানো হয়। সে সময় কার্যালয়ের বাইরে কয়েক জন জড়ো হন। সব্যসাচী দফতর থেকে বেরোতেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন কয়েক জন। তিনি তাড়াতাড়ি পুলিশের গাড়িতে উঠে যান।
আরও পড়ুন:
গত মঙ্গলবার আদালতে যাওয়ার সময়ে তাঁকে যখন গাড়িতে তুলছিল পুলিশ, সে সময়ও ডিম ছোড়া হয়েছিল। সব্যসাচীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন সল্টলেকের এক ব্যবসায়ী। তোলাবাজির পাশাপাশি হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ব্যবসায়ীর অভিযোগ, তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছিল। ওই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে রাজারহাটের রাইগাছি এলাকায় সব্যসাচীর বাড়িতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। রাতেই বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় সব্যসাচীকে। এ বারের বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সব্যসাচী। তবে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান।