Advertisement
E-Paper

কোচবিহারে মোদীর জনসভা। দক্ষিণে মমতা-অভিষেকের একাধিক কর্মসূচি। রাজ্যে ফের বৃষ্টি। আর কী কী নজরে

প্রথম দফাতেই উত্তরবঙ্গের সাত জেলায় ভোট। বিজেপির ‘শক্ত মাটি’ উত্তরবঙ্গ দিয়ে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে তাঁর ‘বিজয় সংকল্প সভা’ রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

প্রথম দফাতেই উত্তরবঙ্গের সাত জেলায় ভোট। বিজেপির ‘শক্ত মাটি’ উত্তরবঙ্গ দিয়ে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে তাঁর ‘বিজয় সংকল্প সভা’ রয়েছে। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘জনতার চার্জশিট’ পেশ করেছেন। তার রেশ ধরে আজ ‘বিকশিত পশ্চিমবঙ্গ’-এর রূপরেখা তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী। আবার এসআইআর আবহে বার বার উত্তেজনা ছড়ানো জেলায় প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেটাও দেখার।

আজ ছুটির দিনেও প্রচারে খামতি নেই তৃণমূলের দুই শীর্ষ নেতা-নেত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ও শমসেরগঞ্জে। পরে বীরভূমের মুরারইতেও একটি প্রচারসভা করবেন তিনি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন বর্ধমানের রায়না, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং বজবজ বিধানসভা এলাকায়।

Advertisement

আইপিএলে গত কালের মতো আজও জোড়া ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। হায়দরাবাদের এটি তৃতীয় ম্যাচ। ঈশান কিশনের দল প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। লখনউয়ের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ঋষভ পন্থের দল হেরেছে দিল্লি ক্যাপিটালসের কাছে। আজকের ম্যাচ বিকেল ৩:৩০ থেকে। এরপর নামছেন বিরাট কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে। এক দিনের ব্যবধানে খেলতে হচ্ছে চেন্নাইকে। দু’টি ম্যাচেই হেরে গিয়েছে তারা। বেঙ্গালুরুর সঙ্গে পাল্লা দিতে পারবে রুতুরাজ গায়কোয়াড়ের দল? এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আলোচনার পথ খোলার সম্ভাবনা ক্রমশ সংকীর্ণ হচ্ছে। হুমকি এবং পাল্টা হুমকি চলেই যাচ্ছে পশ্চিম এশিয়ায়। হরমুজ় প্রণালী খোলা নিয়ে ইরানকে ফের এক দফা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার পর্যন্ত তিনি সময় দিয়েছেন ইরানকে। জানিয়েছেন, এর মধ্যে হরমুজ় না খুললে ইরানের উপর ‘নরক’ নেমে আসবে। এ অবস্থায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।

আজ থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। দুর্যোগের পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এর ফলে গরম কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

News of the Day Mamata Banerjee Abhishek Banerjee Iran-Israel War IPL 2026 Weather Today Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy