দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
রাজ্যে মিডডে মিল, হাসপাতালে রোগীদের রান্নার মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে গ্যাস সরবরাহে টান পড়বে না। গৃহস্থের রান্নাঘরেও জোগান নিরবচ্ছিন্ন থাকবে। বৃহস্পতিবার আদর্শ কার্যপদ্ধতি (স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিয়োর বা এসওপি) প্রকাশ করে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যে এলপিজি সঙ্কটের থেকেও গ্রাহকদের মনে উদ্বেগ অনেক বেশি। এই খবরে আজ নজর থাকবে।
সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ না-মেনে পাল্টা আবেদন করে ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়েছে। রাজ্য সরকারের সেই অবস্থানের বিরুদ্ধে প্রায় সব রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠনগুলি একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে আজ। সেই ধর্মঘটের পাল্টা নির্দেশিকা জারি করে কড়া পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছে নবান্ন।
সংসদে চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে সরাতে চাইছে বিরোধী দলগুলি। ইতিমধ্যে তাঁর অপসারণের নোটিসে স্বাক্ষর করেছেন বিরোধী সাংসদেরা। শীঘ্রই সেই নোটিস জমা পড়তে পারে সংসদে। তবে কোন কক্ষে তা আগে জমা পড়বে, তা স্পষ্ট নয়। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে শুক্রবার কী কী ঘটে, সে দিকে নজর থাকবে।
সংঘর্ষ শুরুর প্রাথমিক পর্বে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এই পরিস্থিতি অন্তত এক মাস ধরে চলতে পারে। তবে আমেরিকা যে ইরানের বিরুদ্ধে সংঘর্ষ আর বেশি দিন টানতে চাইছে না, গত কয়েক দিন ধরেই সেই আভাস মিলছে ট্রাম্পের মন্তব্যে। সংঘর্ষ থামানোর জন্য ইতিমধ্যে তিন দফা শর্ত শুনিয়ে রেখেছে ইরান। এরই মধ্যে হরমুজ় প্রণালীতেও এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
বুধবার ঘোষণা হয়েছে আইপিএলের সূচি। ইতিমধ্যেই দু’-একটি দল অনুশীলন শুরু করে দিয়েছে। বাকি দলগুলি কিছু দিনের মধ্যেই প্রস্তুতি শুরু করে দেবে। সেই সংক্রান্ত খবরে নজর থাকবে।
শনিবার আইএসএলে একই দিনে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান খেলতে নামছে। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে কেরল ব্লাস্টার্স। পরের ম্যাচে মোহনবাগান খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। দুই দলের প্রস্তুতির খবরে নজর থাকবে।
কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ অংশে বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। রয়েছে একটি অক্ষরেখাও। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।