দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার এই বৈঠক হবে। যদিও প্রথমে এই বৈঠক হওয়ার কথা ছিল সোমবার। কিন্তু গত সপ্তাহে বিশেষ কারণে মন্ত্রিসভার বৈঠক মঙ্গলবার হবে বলে জানানো হয়। বিধানসভা নির্বাচন যে কোনও সময় ঘোষণা হতে পারে। তাই এই মন্ত্রিসভার বৈঠকে নতুন প্রকল্প বা সরকারি কর্মসূচির কথা ঘোষণা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে নয়াদিল্লিতে। পাঁচ দিনের এই সম্মেলন চলবে শুক্রবার পর্যন্ত। যোগ দেবেন গুগ্লের সুন্দর পিচাই, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান-সহ কমবেশি ৪০টি সংস্থার কর্তাব্যক্তিরা। থাকবেন ২০টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিংবা শীর্ষস্থানীয় নেতা। আগামী বৃহস্পতিবার এই সম্মেলনে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন বিএনপি প্রধান তারেক রহমান। বাংলাদেশে আড়াই দশক পরে আবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন কোনও বিএনপি নেতা। এর আগে ২০০১ সালের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তারেকের মা খালেদা জিয়া। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় ১২০০ দেশি–বিদেশি অতিথি যোগ দিতে পারেন। ভারতের তরফে শপথ অনুষ্ঠানে যোগ দেবেন স্পিকার ওম বিড়লা। নতুন মন্ত্রিসভার আকার ৩৫ থেকে ৩৭ সদস্যের হতে পারে। এর মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণ মন্ত্রী হতে পারেন। প্রতিমন্ত্রী করা হতে পারে ৯ থেকে ১০ জনকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। কাল গ্রুপের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সূর্যকুমার যাদবের দলের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার। সুপার এইটের কঠিন লড়াইয়ে নামার আগে পরীক্ষা-নিরীক্ষা সেরে নেওয়ার পালা কোচ গৌতম গম্ভীরের। আরও এক বার সুযোগ পেতে পারেন অর্শদীপ সিংহ। থাকছে ভারতীয় দলের সব খবর।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ তিনটি ম্যাচ। তার মধ্যে দু’টি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউ জ়িল্যান্ড মুখোমুখি কানাডার। এই ম্যচের উপর নিউ জ়িল্যান্ড এবং গ্রুপ ডি-র ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। নিউ জ়িল্যান্ড হারলে কোণঠাসা হয়ে পড়বে। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল তারা। এই ম্যাচ সকাল ১১টা থেকে। গ্রুপ বি-র ম্যাচে লড়াই জ়িম্বাবোয়ে এবং আয়ারল্যান্ডের। গত ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানো জ়িম্বাবোয়ে আজ জিতে গেলে সুপার এইটের দিকে অনেকটাই এগিয়ে যাবে। এই ম্যাচ বিকেল ৩টে থেকে। সন্ধ্যা ৭টা থেকে রয়েছে স্কটল্যান্ড-নেপাল ম্যাচ। সব খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
তিন দিনের সফরে ভারতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। মুম্বইয়ে লোকভবন (রাজভবন)-এ দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই দেশের প্রধান। বিভিন্ন ক্ষেত্রে ভারত এবং ফ্রান্সের কৌশলগত সহযোগিতার বিষয়ে আলোচনা হবে তাঁদের। শীঘ্রই ফ্রান্সের কাছ থেকে আরও রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে ভারতের। ঘটনাচক্রে, মাক্রোঁর ভারত সফরের মুখে গত সপ্তাহেই এই চুক্তির জন্য অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত বিশেষ কমিটি। এ অবস্থায় মঙ্গলবারের বৈঠকে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।
প্রথম ইনিংসে ৩২৮ রানে অল আউট হয়ে গিয়েছে বাংলা। মহম্মদ শামির দাপটে জম্মু-কাশ্মীর শুরুতে ধাক্কা খেলেও পারশ ডোগরা-আব্দুল সামাদ জুটি তাদের ম্যাচে ফিরিয়েছে। দ্বিতীয় দিনের শেষে বাংলা এগিয়ে ১৩০ রানে। জম্মু-কাশ্মীরের হাতে রয়েছে ৫ উইকেট। আজ কি বাংলাকে লিড দিতে পারবেন শামিরা? খেলা শুরু সকাল ৯টায়। অপর সেমিফাইনালে রানের পাহাড়ে কর্নাটক। লোকেশ রাহুলের শতরান ও দেবদত্ত পড়িক্কলের দ্বিশতরানের পর আর স্মরণও শতরান করেছেন। এখনও কর্নাটককে অল আউট করতে পারেনি উত্তরাখণ্ড। প্রথম ইনিংসেই ফাইনালের পথ সুগম করে ফেলতে চাইছে কর্নাটক। এই ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টা থেকে। সরাসরি দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।
এসআইআর প্রক্রিয়া শুরুর আগেই দুই জেলার চার আধিকারিককে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়ে কমিশন রাজ্যের তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছিল। অভিযোগ, ওই আধিকারিকেরা ‘ভুয়ো’ বা ‘ভূতুড়ে’ ভোটারদের নাম তালিকায় বেআইনি ভাবে তুলেছেন। নির্দেশ কার্যকর করা না-হওয়ায় গত ২ জানুয়ারি সংশ্লিষ্ট দুই জেলাশাসককে এফআইআর করার নির্দেশ দেয় কমিশন। সেই নির্দেশ কার্যকর হয়নি। ইতিমধ্যে সিইও দফতর থেকে জেলাশাসকদের দু’বার ‘রিমাইন্ডার’ দেওয়া হয়। কিন্তু নির্দেশ কার্যকর না-হওয়ায় শুক্রবার দিল্লিতে নির্বাচন সদনে তলব করা হয়েছিল রাজ্যের বর্তমান মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে। শনিবার জানা যায়, ওই চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার জন্য মঙ্গলবার পর্যন্ত রাজ্যকে সময় দিয়েছে কমিশন। আজ সেই সময়সীমা শেষ হচ্ছে।
পর পর তিন দিন ছুটির পর আজ রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন ও হিসাব শাস্ত্রের পরীক্ষা রয়েছে। সকাল ১০ থেকে শুরু পরীক্ষা।