Advertisement
E-Paper

আইপ্যাক মামলার শুনানি সুপ্রিম কোর্টে। মায়াপুরে অমিত শাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর কী

মায়াপুরের ইসকনে আজ দেড়় ঘণ্টার কর্মসূচিতে উপস্থিত থাকবেন অমিত শাহ। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে তিনি মায়াপুরে আসছেন। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে শাহ রওনা দেবেন মায়াপুরের উদ্দেশে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আর্থিক পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দিয়েছিল ইডি। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। এই মামলায় মমতার পাল্টা হলফনামা জমা দিয়েছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত শুনানিতে সওয়ালের জন্য সময় চান ইডির আইনজীবী। আজ আবার এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে কী হয় সে দিকে নজর থাকবে।

মায়াপুরের ইসকনে আজ দেড়় ঘণ্টার কর্মসূচিতে উপস্থিত থাকবেন অমিত শাহ। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে তিনি মায়াপুরে আসছেন। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে শাহ রওনা দেবেন মায়াপুরের উদ্দেশে। দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ মায়াপুরে তাঁর নামার কথা। হেলিপ্যাড থেকে মন্দির চত্বরে তিনি যাবেন গল্ফ কার্টে। মন্দির চত্বরে শাহকে স্বাগত জানাতে মিনিট পাঁচেকের অনুষ্ঠান থাকছে। মন্দিরের ভিতরে শাহকে স্বাগত জানাবেন ইসকনের জয়পতাকা স্বামী। স্বাগত জানানোর অনুষ্ঠান শেষ হওয়ার পরে ১৫ মিনিট সময় বরাদ্দ থাকছে শ্রদ্ধাজ্ঞাপন ও দর্শনের জন্য। প্রথমেই ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত প্রভুপাদের মূর্তিতে শাহ ফুল দেবেন। তার পরে একে একে নরসিংহ পূজন, চৈতন্য মহাপ্রভু ও পঞ্চতন্ত্র পূজন এবং রাধামাধব ও অষ্টসখী পূজনে অংশ নেবেন শাহ। বেলা ৩টে নাগাদ মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছোবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৩টে ২০ নাগাদ শাহের ভাষণ শুরু হওয়ার কথা। আধ ঘণ্টার ভাষণে ইসকন চত্বর থেকে শাহ কী বলেন, আজ সে দিকেই সকলের নজর থাকবে। ৩টে ৫৫ মিনিট নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার মায়াপুর থেকে কলকাতা বিমানবন্দরের দিকে রওনা দেবে।

তিন দিনের সফরে ভারতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। মঙ্গলবার মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে দু’জনের। আজ মাক্রোঁ দিল্লিতে ভারত মণ্ডপমে যাবেন। সেখানে কৃত্রিম মেধা সম্মেলনে যোগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

মঙ্গলবার বাংলাদেশের নতুন সরকার গঠিত হয়েছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। নবগঠিত সরকারে তারেক-সহ রয়েছেন ২৬ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। মোট ৫০ জন মন্ত্রী থাকছেন বাংলাদেশের নতুন সরকারে। পড়শি দেশে সরকার গঠন পরবর্তী পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।

রঞ্জি ট্রফির সেমিফাইনালে ভাল জায়গায় থেকেও শেষ পর্যন্ত কোণঠাসা বাংলা। মহম্মদ শামি ৮ উইকেট নিলেও জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বাংলা ডুবল খারাপ ব্যাটিংয়ে। মাত্র ৯৯ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ফলে আজ চতুর্থ দিন জিততে ৮৩ রান দরকার জম্মু ও কাশ্মীরের। হাতে ৮ উইকেট। বাংলা কি পারবে নাটকীয় জয় তুলে নিতে? খেলা শুরু সকাল ৯টা থেকে। অন্য সেমিফাইনালে উত্তরাখন্ডের বিরুদ্ধে ৭৩৬ রানের পাহাড় গড়েছে কর্নাটক। তৃতীয় দিনের শেষে উত্তরাখন্ড ৫ উইকেটে ১৪৯ রান তুলেছে। এই ম্যাচ সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ বিশ্বকাপে একই দিনে রয়েছে ভারত এবং পাকিস্তানের ম্যাচ। ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস। পাকিস্তানকে খেলতে হবে নামিবিয়ার বিরুদ্ধে। সুপার এইটে উঠে যাওয়া ভারতের কাছে এটি নিয়মরক্ষার ম্যাচ। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে পারেন কোচ গৌতম গম্ভীর। অন্য দিকে পাকিস্তানের কাছে এটি মরণ-বাঁচন ম্যাচ। আজ হারলেই বিশ্বকাপ থেকে বিদায় হয়ে যাবে সলমন আঘার দলের। অহমদাবাদে ভারতের ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। পাকিস্তানের খেলা দুপুর ৩টে থেকে। সকাল ১১টা থেকে রয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম আমিরশাহি ম্যাচ। সব খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ উচ্চ মাধ্যমিকে চতুর্থ দিনের পরীক্ষা। বিষয়ভিত্তিক একাধিক বিষয়ের পরীক্ষা রয়েছে। চতুর্থ দিনে সকাল ১০টা থেকে শুরু পরীক্ষা।

News of the Day I-Pac ISKCON Mayapur Emmanuel Macron Bangladesh Ranji Trophy 2025-26 ICC T20 World Cup 2026 Higher Secondary Exam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy