Advertisement
E-Paper

বাম-বিজেপি আগেই নেমেছে, এ বার প্রচারে তৃণমূলও। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। আর কী কী

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছিল কমিশন। সোমবার বামফ্রন্ট এবং বিজেপি প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল। মঙ্গলবার পূর্ণাঙ্গ প্রার্থিতালিকা প্রকাশ করেছে তৃণমূলও। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গে বিভিন্ন বিধানসভায় প্রার্থীদের প্রচারের খবরে নজর থাকবে।

১৪৪টি আসনের জন‍্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে বিজেপি। বাকি আরও ১৫০ আসন। সেই সব আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করতে সোম এবং মঙ্গলবার দিল্লিতে দফায় দফায় পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ, নিতিন নবীন, জেপি নড্ডা, বিএল সন্তোষ-সহ কেন্দ্রীয় নেতারা। প্রথমে ভূপেন্দ্র যাদবের বাড়িতে এবং পরে জেপি নড্ডার বাড়িতে এই বৈঠকগুলি হয়েছে। অবশিষ্ট আসনগুলির জন‍্য প্রার্থীর নাম সেখানে বেছে নেওয়া হয়ে গিয়েছে বলেও খবর। এ বার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে সে তালিকায় চূড়ান্ত অনুমোদন পাবে। তার পরে সংসদীয় বোর্ডের আনুষ্ঠানিক সিলমোহর নিয়ে তালিকা প্রকাশ হবে। তালিকায় চূড়ান্ত অনুমোদন দিতে আজই দিল্লিতে বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন সমিতি। প্রথম দফার প্রার্থী তালিকার জন‍্য সে বৈঠকটি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। আজ তার বদলে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষনেতারা আপাতত দিল্লিতেই রয়েছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক না-হওয়া পর্যন্ত তাঁদের দিল্লি ছাড়তে নিষেধ করা হয়েছে।

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের প্রশাসন এবং পুলিশে বেশ কিছু রদবদল করেছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার দিন মধ্যরাতে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-কে বদলে দেওয়া হয়। সোমবার রাজ্য পুলিশের উচ্চপদস্থ বেশ কয়েকটি পদে রদবদল করে কমিশন। মঙ্গলবারও একই ধারা বজায় ছিল। রাজ্যের ১২ জন পুলিশ সুপারকে বদলে দেয় কমিশন। এ ছাড়াও দু’জন এডিজি, চার পুলিশ কমিশনারেটের কমিশনার বদল করে। আজ আবারও রাজ্য পুলিশ-প্রশাসনে কমিশন কোনও রদবদল করে কি না, সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আমেরিকা-ইরান সংঘর্ষের জেরে গোটা পশ্চিম এশিয়ায় এক অস্থিরতা তৈরি হয়েছে। অনিশ্চয়তা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ় প্রণালীতেও। এই জলপথকে ‘অবরোধমুক্ত’ করতে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মঙ্গলবার ইজ়রায়েল দাবি করে, তারা ইরানের নিরাপত্তাপ্রধান আলি লারজানিকে হত্যা করেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে আজ।

বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে পরিস্থিতি এখনই বদলাবে না। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।

News of the Day West Bengal Assembly Election 2026 TMC BJP Election Commission of India US-Israel vs Iran Weather Update
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy