Advertisement
E-Paper

সারা সপ্তাহ ধরে বৃষ্টি চলবে দক্ষিণের ছয় জেলায়! সঙ্গে ৫০ কিমি বেগে ঝড়, কবে কবে ভিজতে পারে কলকাতা?

বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে দেশে বর্ষা প্রবেশ করেছে। কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের সাধারণ সময় ১ জুন। এ বার নির্ধারিত সময়ের চেয়ে তিন দিন দেরিতে বর্ষা ঢুকল দেশের মূল ভূখণ্ডে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ০৯:৪২
কলকাতা এবং শহরতলিতে সকাল থেকে ঝড়বৃষ্টি, সঙ্গে বজ্রপাত।

কলকাতা এবং শহরতলিতে সকাল থেকে ঝড়বৃষ্টি, সঙ্গে বজ্রপাত। —ফাইল চিত্র।

শুক্রবার ভোর থেকে কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অংশে মুষলধারে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। তার ফলে কিছু কিছু রাস্তায় জলও জমে গিয়েছে। ভ্যাপসা গরমের হাত থেকে সাময়িক ভাবে কিছুটা রেহাই মিলেছে এই ঝড়বৃষ্টির কারণে। আলিপুর আবহাওয়া দফতর জানাল, দক্ষিণবঙ্গের অন্তত ছ’টি জেলায় সারা সপ্তাহ ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

শুক্রবার কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা সাত দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শুক্রবারের পরও বৃষ্টি হতে পারে। তবে আলাদা করে আবহাওয়ার কোনও সতর্কতা এই চার জেলায় নেই। হুগলিতে সোমবার, দক্ষিণ ২৪ পরগনায় রবিবার, পূর্ব মেদিনীপুরে রবিবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী সাত দিন তাপমাত্রা একই রকম থাকবে। সমুদ্রে মৎস্যজীবীদের জন্যেও আপাতত কোনও সতর্কবার্তা নেই।

উত্তরবঙ্গে দুর্যোগ চলছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) চলবে। কালিম্পঙে মঙ্গলবার থেকে এবং দক্ষিণ দিনাজপুরে বুধবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে তার আগেও বৃষ্টি হবে। উত্তরের সব জেলাতেই আগামী কয়েক দিন টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি আছে।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে দেশে বর্ষা প্রবেশ করেছে। কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের সাধারণ সময় ১ জুন। এ বার নির্ধারিত সময়ের চেয়ে তিন দিন দেরিতে বর্ষা ঢুকল দেশের মূল ভূখণ্ডে। তা ধীরে ধীরে উত্তরে এগোচ্ছে। তবে উত্তর ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে বর্ষার আগমনে এখনও সময় লাগবে। মৌসম ভবন জানিয়েছে, জুনের শেষ বা জুলাইয়ের শুরুর দিকে দেশের উত্তরাংশে বর্ষা ঢুকতে পারে।

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

West Bengal Weather Weather Alert Weather Today Weather Forecast Bengal weather today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy